শেষ হলো ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি উৎসব
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের প্রযুক্তি উৎসব গত বৃহস্পতিবার শেষ হয়েছে। ‘এডুমেকার—প্রথম আলো টেকনো ফেস্টিভাল ২০১১’ নামে এ উৎসবের শেষ দিন সকালে অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে ৩১টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির (আইইউটি) মিনোজ দল। প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছে যথাক্রমে আইইউটি ট্রাইপড ও ভাসানী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সফট দল।শেষ দিনে ‘ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগারিদম’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক এম কায়কোবাদ এবং ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।উৎসবে ছিল শিক্ষার্থীদের তৈরি সফটওয়্যার প্রদর্শনী ও প্রতিযোগিতা। এতে হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজির তৈরি বড় বড় দোকানে ব্যবহারযোগ্য সফটওয়্যার ইজি সফট চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া সাইবার গেমিং প্রতিযোগিতা ও তথ্যপ্রযুক্তি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় সমাপনী অনুষ্ঠানে। পুরস্কার বিতরণ করেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য মো. মনিরুজ্জামান, সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান শরিফুল ইসলাম রিপন ও প্রথম আলোর উপফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। সবশেষে ছিল চলচ্চিত্র প্রদর্শনী। এ উৎসবের আয়োজক ছিল মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং সোসাইটি অব আইসিটি।—টাঙ্গাইল অফিস