শেষ হলো ল্যাপটপ মেলা
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া তিন দিনব্যাপী ল্যাপটপ মেলা গতকাল শেষ হয়েছে। এবারের মেলার স্লোগান ছিল ‘জ্বালো প্রযুক্তির আলো’। মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপের সমারোহ ঘটেছিল। গতকাল শনিবার মেলার শেষ দিনে জমে উঠেছিল ল্যাপটপ মেলা। এবারের এই মেলায় তরুণ প্রজন্মের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। শেষ দিনে নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা কম মূল্যে ল্যাপটপ কেনার সুযোগ করে দিয়েছিলেন বিক্রেতারা। এ জন্যই শেষ দিনে ল্যাপটপের বিক্রিও প্রত্যাশা অনুযায়ী হয়েছে বলে জানালেন বিক্রেতারা। ঢাকার মোহাম্মদপুর থেকে আসা ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী আরমান শাহ জানান, মেলার শেষ দিনে এসে গত দিনের চেয়ে কিছুটা মূল্য কম পেয়ে ল্যাপটপ কেনেন তিনি। শেষ দিনে মূল্যছাড় ছাড়াও ডলারের দাম বেড়ে যাওয়ায় ল্যাপটপের দাম আরও বাড়তে পারে ধারণা করেই অনেকে মেলা থেকে মূল্যছাড়ে ল্যাপটপ কিনেছেন বলে জানান বিক্রেতারা।মেলার তিন দিনে তিন হাজারেরও বেশি ল্যাপটপ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। নতুন এই প্রাঙ্গণে মেলায় আসা ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ল্যাপটপ কিনতে পেরেছেন এবং এই মেলা সফল হয়েছে বলে মনে করেন ল্যাপটপ মেলার সমন্বয়ক ফাবিয়ান খান ।গতকাল সন্ধ্যায় মেলার প্রাঙ্গণে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। ল্যাপটপ মেলার প্রধান পৃষ্ঠাপোষক ছিল কিউবি। এ ছাড়া সহ-পৃষ্ঠপোষকতায় ছিল এসার, আসুস, এইচপি ও স্যামসাং। মেলার ওয়েব পৃষ্ঠপোষক ছিল বিডি জবস ডটকম ও এখনি ডটকম এবং রেডিও পার্টনার ছিল এবিসি রেডিও। —মোছাব্বের হোসেন