শেষ হলো শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনের তথ্যপ্রযুক্তি উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। সফটওয়্যার প্রদর্শনী, ল্যাপটপ কম্পিউটারের মেলা, সাইবার গেমস প্রতিযোগিতা ইত্যাদি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উৎসব তিন দিনই ছিল জমজমাট।‘সিএসই কার্নিভাল’ নামের এ উৎসবের আহ্বায়ক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে কাল রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সচিব এনামুল কবীর, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আইবল কানাডার সফটওয়্যার বিশেষজ্ঞ সাহাদাত হোসেন, লিডিং ইউনিভার্সিটির উপাচার্য কবির হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, টেলিটক বাংলাদেশের ব্যবস্থাপক হাবিবুর রহমান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসানসহ অনেকে।উৎসবে সফটওয়্যার প্রদর্শনীর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মহিউদ্দিন, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে দেবজ্যোতি আইচ ও শিব্বির আহমেদ। এ ছাড়া পার্থ সারথি কর ও এম আর মুকিতকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।বিশ্ব সাইবার গেমস বাংলাদেশ পর্বের বাছাই প্রতিযোগিতায় এনএফএস—মোস্ট ওয়ান্টেড খেলায় প্রথম হন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলিফ রহমান চৌধুরী, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে সাবরিন আল আজাদ ও শাহীন হাসেম। ফিফা-১০-এ চ্যাম্পিয়ন হন মুনতাসির মাহতাব, (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি), দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে মো. সাদাত হোসেন খান (সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ), রাশেদুল হাসান (শাহজালাল বিশ্ববিদ্যালয়)।উৎসবে প্রধান আকর্ষণ ছিল জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি)। গতকাল এনসিপিসি অনুষ্ঠিত হয়। এতে ৮৮টি দল অংশ নেয়। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়নি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। —সোহেল রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি