শেষ হলো সফটওয়্যার মেলা
শেষ হয়েছে দেশের সবচেয়ে বড় সফটওয়্যার মেলা বেসিস সফটএক্সপো-২০১০। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত পাঁচ দিনব্যাপী এ মেলায় দেশি-বিদেশি দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এবারের মেলার ধারা সম্পর্কে বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিম প্রথম আলোকে বলেন, সারা বিশ্বেই অর্থনৈতিক মন্দার ব্যাপারটি কাটিয়ে উঠতে এবং দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার সার্বিক অবস্থা তুলে ধরতে মেলা ছিল খুব গুরুত্বপূর্ণ। সফটওয়্যারের বর্তমান বাজারকে চাঙ্গা করতে সরকারি পর্যায়ে এবং দেশে সফটওয়্যার ব্যবহার বাড়লে স্থানীয় বাজার এগিয়ে যাবে। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের জন্য যে ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রয়োজন, সেসব কার্যক্রমও মেলায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে আমাদের উদ্দেশ্য অনুযায়ী সফল হয়েছে এবারের মেলা।’ গতকাল রোববার রাতে মেলা শেষ হলেও শনিবার সন্ধ্যায় হয়েছে সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, তথ্যপ্রযুক্তি খাতের জন্য আর্থিক বরাদ্দগুলোর সুষ্ঠু বণ্টন করা হবে।পাশাপাশি দেশে সফটওয়্যার ব্যবহার বাড়াতে স্বল্পমূল্যে সফটওয়্যার সুবিধা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব গোলাম হুসেইন, গ্রামীণফোনের প্রযুক্তি বিভাগের উপ-কারিগরি কর্মকর্তা ও পরিচালক তানভীর মোহাম্মদ, বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিম ও কোষাধ্যক্ষ ফারহানা এ রহমান। অনুষ্ঠানে আগামী বছরের সফটএক্সপোর ঘোষণার পাশাপাশি ওয়েবসাইটের (www.softexpo.com.bd/index_2011.php) উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখার জন্য এবং তথ্যপ্রযুক্তি খাতের মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে বেসিসের সঙ্গে যৌথভাবে কাজ করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ‘বেসিস আইসিটি চ্যাম্পিয়ন’ পুরস্কার প্রদান করা হয়। গতকাল মেলায় পাঁচটি সেমিনার ও কারিগরি পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ‘ই-কমার্স রেডিনেস ফর এসএমই’, ‘পিপিপি: রেলিভেন্ট পিপিপি মডেলস অ্যান্ড কেইসেস ফর আইটি প্রজেক্টস’ ইত্যাদি উল্লেখযোগ্য। এবারের মেলার প্লাটিনাম ও গোল্ড পৃষ্ঠপোষক ছিল গ্রামীণফোন ও রিভ সিস্টেম। সহ-আয়োজক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সহ-পৃষ্ঠপোষক বিজনেস প্রোমোশন কাউন্সিল। কৌশলগত অংশীদার এফবিসিসিআই ও এমসিসিআই। মেলার বিভিন্ন অনুষ্ঠান সরাসরি ওয়েবসাইটে প্রকাশ করেছে কমজগত্ ডটকম। —নুরুন্নবী চৌধুরী