শেষ হলো সফটওয়্যার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো বেসিসের সফটওয়্যার মেলা—সফটএক্সপো ২০১২। পাঁচ দিনের এই সফটওয়্যার মেলার শেষ দিনে গতকালও ছিল লোকসমাগমে মুখর। এর আগে শনিবার রাতে আয়োজন করা হয় বেসিস অ্যাওয়ার্ড নাইট। জমকালো এই রাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিযোগিতার বিজয়ীদের হাতে। তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে অবদানের জন্য মেলায় আজীবন সম্মাননা দেওয়া হয় বেসিসের প্রতিষ্ঠাতা সভাপতি এ তৌহিদ এবং সাবেক বেসিস সভাপতি ও বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রথম সভাপতি এস এম কামালকে। ডিজিটাল চ্যাম্পিয়নশিপ পুরস্কার পায় জাতীয় রাজস্ব বোর্ড। বিশেষ অবদানের জন্য পুরস্কার দেওয়া হয় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এবং প্রয়াত বেসিস-সদস্য এ এস এম শামসুজ্জামানকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, জিপি আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ডিনডিয়াল, বেসিস সভাপতি মাহবুব জামানসহ অনেকে। ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলায় ছিল তথ্যপ্রযুক্তির নানা সফটওয়্যার এবং পণ্যের প্রদর্শন। ছিল প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সুযোগ। এ ছাড়া সেমিনার, প্রশিক্ষণসহ নানা ধরনের আয়োজন। পাঁচ দিনের এই মেলা নিয়ে আহ্বায়ক তামজিদ সিদ্দিক বলেন, ‘আমরা যতটা লোকসমাগমের আশা করেছিলাম, তার চেয়ে বেশি সাড়া পেয়েছি। এ ছাড়া বিদেশি বিভিন্ন কোম্পানির অংশগ্রহণে আমাদের দেশি প্রতিষ্ঠানগুলোও লাভবান হবে বলে আশা করি। দেশি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানগুলো কাজ করতে আগ্রহ দেখিয়েছে।’ —ইমাম হাসান