শেষ হলো স্বাস্থ্যসেবার সফটওয়্যার মেলা
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকায় এক দিনের স্বাস্থ্যসেবাবিষয়ক সফটওয়্যার মেলা।গতকাল মঙ্গলবার সকালে বেসিস মিলনায়তনে এই মেলার উদ্বোধন করেন বেসিস সভাপতি মাহবুব জামান। এ সময় বেসিসের স্ট্যান্ডিং কমিটি অন লোকাল মার্কেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান উত্তম কুমার পাল, সদস্য সাইদুল ইসলাম মজুমদার ও বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন।দিনব্যাপী এ মেলায় আটটি প্রতিষ্ঠান স্বাস্থ্যসেবাবিষয়ক সফটওয়্যার প্রদর্শন করেছে।দেশে প্রতিনিয়ত হাসপাতাল ও ক্লিনিকের সেবা খাত বড় হচ্ছে। এখানে সেবা নিতে আসা লোকজনের নানা ধরনের তথ্য সঠিকভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। সে ক্ষেত্রে জনপ্রিয় হচ্ছে স্বাস্থ্যসেবাবিষয়ক সফটওয়্যার। একজন রোগী হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকে শুরু করে সেবা নেওয়ার শেষ দিন পর্যন্ত নানা ধরনের তথ্য সফটওয়্যারের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। এসব সফটওয়্যার তৈরি করছে আমাদের দেশেরই বিভিন্ন সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান।এ ছাড়া রোগীর পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি, একটি হাসপাতালে কোন ধরনের পরীক্ষা করা হয় তার তালিকা, রোগীর সেসব পরীক্ষার ফলাফল, হিসাব-নিকাশসহ নানা ধরনের তথ্য সংরক্ষণের জন্য সহায়ক হচ্ছে স্বাস্থ্যসেবাবিষয়ক সফটওয়্যারগুলো।বেসিসের হিসাব অনুযায়ী ২০১১ সাল পর্যন্ত দেশে ব্যক্তিমালিকানাধীন ক্লিনিকের সংখ্যা ১০ হাজার ৩২৩টি। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দেশে দুই হাজার ২৭৭টি স্বাস্থ্যকেন্দ্র ৬০৫টি হাসপাতাল এবং এক হাজার ৬৭২টি স্বাস্থ্য-সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠান আছে। বেসিসের স্ট্যান্ডিং কমিটি অন লোকাল মার্কেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান উত্তম কুমার পাল প্রথম আলোকে জানান, এসব প্রতিষ্ঠানের সঠিক ব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যসেবাবিষয়ক সফটওয়্যারগুলো অত্যন্ত সহায়ক হবে। —মোছাব্বের হোসেন