শেষ হয়ে আসছে সিটিআইটি

ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির প্রযুক্তিপণ্যের মেলার বাকি আর দুই দিন। মেলা শুরু হয় ২৬ ফেব্রুয়ারি।
বিসিএস কম্পিউটার সিটির নিজস্ব আঙিনায় চলছে এ প্রদর্শনী। এ মেলায় তথ্যপ্রযুক্তির পরিচিত ব্র্যান্ডের কম্পিউটার সামগ্রীর পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিপণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
মেলার আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিনই মেলায় নতুন নতুন পণ্যে পাওয়া যাচ্ছে ছাড় এবং উপহার। এ ছাড়াও দর্শনার্থীদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা রয়েছে।
বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটিআইটি ২০১৪’-এ আজ বৃহস্পতিবার গেম প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা হবে কাল শুক্রবার। গিগাবাইট আয়োজিত এ প্রতিযোগিতায় নিড ফর স্পিড, ফিফা-১৪, কাউন্টার স্ট্রাইক ও কল অব ডিউটি গেমে প্রায় ৭১২ জন গেমার অংশ নেন। পাশাপাশি মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতা কাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে প্রবেশমূল্য ১০ টাকা। প্রতিবারের মতো এবারও মেলায় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন।
আরও পড়ুন: প্রযুক্তি মেলায় ছাড়ের ছড়াছড়ি http://goo.gl/7iVaIz