শেষহলো সাও পাওলো সম্মেলন

ব্রাজিলের সাও পাওলো শহরে দুদিনের ইন্টারনেট শাসনপদ্ধতি (ইন্টারনেট গভর্ন্যান্স) নিয়ে অনুষ্ঠিত সম্মেলন গত বৃহস্পতিবার শেষ হয়েছে একটি ঘোষণাপত্র পাঠের মাধ্যমে। ঘোষণাপত্রে স্পষ্ট করে প্রধান দুটি বিষয়কে ইন্টারনেটের ভবিষ্যৎ আবর্তনে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সেগুলো হলো ইন্টারনেট শাসনের উন্মুক্ত নীতিগত অবস্থান ও ভবিষ্যৎ নির্ধারণে অনুসরণীয় পথরেখা (রোডম্যাপ)।
নীতিগত অবস্থান সূচকে বলা হয়েছে, ইন্টারনেটকে ‘বৈশ্বিক সম্পদ’ বিবেচনা করতে হবে। জনস্বার্থে এর ব্যবস্থাপনা ও শাসনপদ্ধতিতে সবার অংশগ্রহণ থাকবে। বলা হয়েছে, মানবাধিকার নীতি সমুন্নত রেখে ইন্টারনেটের ব্যবহারে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আর অবশ্যই তা হতে হবে আন্তর্জাতিক রীতিনীতি বিশেষ করে সর্বজনীন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকারের সবগুলো সমুন্নত রেখেই।
ভবিষ্যৎ শাসন রূপরেখায় সবার অংশগ্রহণ ও স্বীকৃতি নিশ্চিত করতে জাতিসংঘ তথ্য সমাজ শীর্ষ সম্মেলনের তিউনিস ঘোষণাপত্র (২০০৫) বাস্তবায়নের সাফল্য উল্লেখ করে এ মডেলে আরও স্বীকৃত ও শক্তিশালী কাঠামো গ্রহণে উদ্যোগী হতে আহ্বান জানানো হয়েছে।
ঘোষণাপত্রে ইন্টারনেট ঠিকানা বা ডোমেইন নিয়ন্ত্রক সংস্থা আইকানের (ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস) সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তি ২০১৫ সালে অবসানের পর এর পরিচালনার কী কাঠামো হবে, তা নিয়ে ধারাবাহিক উন্মুক্ত আলোচনার প্রস্তাব করা হয়েছে। মূল প্রতিবেদন পাওয়া যাবে http://netmundial.br/wp-content/uploads/2014/04/NETmundial-Multistakeholder-Document.pdf ঠিকানার ওয়েব পেইজে।
অপরদিকে, বিশ্বের ৯৭টি দেশের সরকারি-বেসরকারি প্রতিনিধিসহ সহস্রাধিক ইন্টারনেট অ্যাক্টিভিস্ট এক বছর ধরে তৈরি হওয়া ‘সাও পাওলো স্টেটমেন্ট’ সর্বসম্মতিক্রমে মেনে নিতে পারেননি। রাশিয়া, ভারত, কিউবা এ ঘোষণাপত্র আশানুরূপ হয়নি বলে সমাপনী অনুষ্ঠানে প্রকাশ্য প্রতিক্রিয়া জানিয়েছে। সুশীল সমাজও এ ঘোষণাপত্রের কিছু কিছু বিষয়কে প্রত্যাখ্যান করেছে। লাতিন আমেরিকা ও আফ্রিকার সুশীল সমাজ ঘোষণাপত্র চূড়ান্তকরণে মার্কিন প্রভাবপুষ্ট করপোরেট প্রতিনিধিরা অযাচিত হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে। —রেজা সেলিম সাও পাওলো (ব্রাজিল) থেকে