মাইক্রোসফট বাংলাদেশ এবং বাংলাদেশে শেয়ারপয়েন্ট সফটওয়্যারে অভিজ্ঞদের যৌথ উদ্যোগে সম্প্রতি ঢাকায় হয়ে গেল এক বিশেষ আয়োজন। ‘মাইক্রোসফট শেয়ারপয়েন্ট কমিউনিটি ডে’ নামের এই আয়োজনে কনটেন্ট ব্যবস্থাপনার সফটওয়্যার শেয়ারপয়েন্ট ব্যবহারকারিরা অংশ নেন। এতে একটি কর্মশালাও ছিল। খবর বিজ্ঞপ্তির। অনুষ্ঠানের শুরুতেই মাইক্রোসফট কর্পোরেশন যুক্তরাষ্ট্রের লুতফুল খন্দকার সারা বিশ্বে শেয়ারপয়েন্টের সফলতা তুলে ধরেন। শিক্ষার্থী ও নবীণদের শেয়ারপয়েন্টের সম্ভাবনা খতিয়ে দেখার জন্য আহ্বান জানান। শেয়ারপয়েন্টের প্রয়োজন, ব্যবহারসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্রেইন স্টেশন ২৩-এর এম জে ফেরদৌস। দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বিশ্বের বিভিন্ন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানগুলো কীভাবে শেয়ারপয়েন্ট ব্যবহার করছে এবং এর মাধ্যমে কীভাবে অনেক কাজ সহজে করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন জিপি আইটির রাকিব হাসান। মাইক্রোসফট এমভিপি তানজিম সাকিব অফিস ৩৬৫ এবং শেয়ারপয়েন্ট অনলাইন নিয়ে কথা বলেন এবং কিভাবে শেয়ারপয়েন্টের জন্য প্রোগ্রাম তৈরি করা যায় তা নিয়ে কথা বলেন। তিনি বাংলাদেশ থেকে শেয়ারপয়েন্টভিত্তিক আউটসোর্সিং কাজের ব্যাপারেও আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে মার্ক মিলার শেয়ারপয়েন্ট হোস্টিং নিয়ে আলোচনা করেন এবং তার পরে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে শেয়ারপয়েন্টের ব্যবহার নিয়ে ডেনমার্ক থেকে আলোচনা করেন মাইক্রসফট এমভিপি সোহল রানা। মাইক্রসফট লিঙ্কের সহায়তায় এই অধিবেশন পরিচালনা করা হয়। সফটওয়্যার পিপলের রাবিউল ইসলাম এবং এম জে ফেরদৌস যৌথভাবে শেয়ারপয়েন্ট ২০১০ অটোমেশন এবং এর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সব শেষে ভিজ্যুয়াল স্টুডিও টিম ফাউন্ডেশন সার্ভারের সঙ্গে শেয়ারপয়েন্টের সমন্বয় নিয়ে আলোচনা করেন মাইক্রসফট এমভিপি আশরাফুল আলম। তিনি প্রোগ্রামিংয়ে দক্ষ না হয়েও পেশা হিসেবে শেয়ারপয়েন্টের কোন বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত তা তুলে ধরেন। আয়োজনে সমাপনী বক্তব্য দেম মাইক্রোসফট বাংলাদেশের ডেভেলপার অ্যাভাঞ্জালিস্ট অমি আজাদ। এই আয়োজনে প্রায় ৪০০ জন প্রোগ্রামার ও তথ্যপ্রযুক্তি পেশাজীবী অংশ নেন।