শৈল্পিক পরিবেশনে খাবারের স্বাদ বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার চিত্রশিল্পী ওয়াসিলি কানদিনস্কির চিত্রকর্ম (বামে) এবং তার অনুপ্রেরণায় পরিবেশিত সালাদ
রাশিয়ার চিত্রশিল্পী ওয়াসিলি কানদিনস্কির চিত্রকর্ম (বামে) এবং তার অনুপ্রেরণায় পরিবেশিত সালাদ

খাবারে শুধু পেট ভরলে চলে না, কখনো কখনো মনও ভরতে হয়৷ খাবার পরিবেশনে তাই থাকা চাই নান্দনিকতা৷ যেনতেনভাবে পরিবেশিত খাবার কারও কাঙ্ক্ষিত নয়৷ এতে ভোক্তার রুচির ঘাটতি দেখা দিতে পারে৷ তাই রান্না ভালো হলেও সেই খাবার তখন সুস্বাদু মনে হবে না৷
যেমন সালাদের কথাই ধরা যাক৷ যদি নানা রঙের সবজি ও ফলমূলকে শৈল্পিকভাবে সাজিয়ে পরিবেশন করা যায়, তাহলে সেই সালাদ অনেক বেশি উপাদেয় হয়৷ এটা যে শুধু জনসাধারণের ধারণা, তা নয়৷ খোদ বিজ্ঞানীরা বলছেন এ কথা৷
নান্দনিক উপস্থাপনের কৌশল অবলম্বন করে সালাদের স্বাদ বাড়িয়ে তোলার বিষয়টি রীতিমতো প্রমাণ করে দেখিয়েছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক চার্লস স্পেন্স ও তাঁর সহযোগী গবেষকেরা৷ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফ্লেভার সাময়িকী৷ এর উপসংহারে বলা হয়, রুচিশীল ও নান্দনিক উপস্থাপন বা পরিবেশনায় খাবার বেশি উপভোগ্য ও তৃপ্তিকর হয়৷ স্পেন্সের গবেষণায় খাবারের এই নান্দনিক দিকটির গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে৷

কিংবদন্তি শিল্পী পাবলো পিকাসোর ছবির আদলে সাজানো সালাদ
কিংবদন্তি শিল্পী পাবলো পিকাসোর ছবির আদলে সাজানো সালাদ

মনোবিজ্ঞানীদের পরীক্ষায় রাশিয়ার চিত্রশিল্পী ওয়াসিলি কানদিনস্কির (১৮৬৬-১৯৪৪) একটি বিমূর্ত চিত্রকর্ম ব্যবহার করা হয়৷ ওই ছবির অনুপ্রেরণায় তৈরি যে সালাদটি পরিবেশন করা হয়, তা তুলনামূলক বেশি মন কেড়েছে মানুষের৷ আর িশল্পের ছোঁয়া নেই এমন সালাদ পরিচ্ছন্নভাবে পরিবেশন করা হলেও মানুষকে তেমন আকৃষ্ট করে না৷
গবেষণায় অংশগ্রহণকারী ১৮ থেকে ৫৮ বছর বয়সী ৬০ জন স্বেচ্ছাসেবীর অধিকাংশই কানদিনস্কির ছবির আদলে পরিবেশিত সালাদের জন্য বেশি দাম দিতেও রাজি হয়েছেন৷
অধ্যাপক স্পেন্স বলেন, খাবারের আকর্ষণ বাড়াতে নামী বাবুর্চিদের অনেকেই এখন বিভিন্ন চিত্রকর্মের আদলে সালাদের নকশা তৈরির
প্রতি ঝুঁকেছেন৷ আর অন্যান্য খাবারের পরিবেশনায়ও এসেছে নান্দনিকতার ছোঁয়া৷ সূত্র: গার্ডিয়ান ও ইনডিপেনডেন্ট৷