শৈশবের সব স্মৃতিই মনে থাকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মের পরপর আমরা চারপাশের অনেক কিছুই দেখি। কিন্তু তখন কিছুই মনে রাখতে পারি না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক অনেক স্মৃতি সংরক্ষণ করতে শুরু করে। কিন্তু শুরু থেকেই সব মনে রাখা সম্ভব হলে নিশ্চয়ই অনেক ভালো হতো!
শৈশবের অধিকাংশ স্মৃতি কেন মানবমস্তিষ্ক থেকে একেবারে মুছে যায়, তা জানার চেষ্টা বিজ্ঞানীদের অনেক দিনের। এবার তাঁরা সম্ভবত সেই কারণ খুঁজে পেয়েছেন। কানাডার টরন্টোয় ক্যাথরিন অ্যাকার্স ও তাঁর সহযোগী গবেষকদের একটি দল জানায়, শিশুর মস্তিষ্ক এত দ্রুত বিকশিত হয় যে তখন নতুন স্মৃতিগুলো এসে পুরোনো সব স্মৃতি সরিয়ে ফেলে। নতুন স্নায়ুকোষ ও তার শাখা-প্রশাখা গঠনের প্রক্রিয়া (নিউরোজেনেসিস) মানুষসহ বিভিন্ন প্রাণীর শৈশবস্মৃতি একেবারে মুছে ফেলতে কার্যকর ভূমিকা পালন করে।
বিজ্ঞানীদের ওই গবেষণার ফলাফল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি লন্ডনের গবেষক মার্ক হো বলেন, তবে শৈশবের স্মৃতি হারিয়ে যাওয়ার অন্য কারণ ও ব্যাখ্যা থাকতে পারে। সূত্র: টেলিগ্রাফ।