শোক যখন পরিণত উন্মাদনায়!
সদ্য প্রয়াত প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ উদ্ভাবক স্টিভ জবসকে শ্রদ্ধা জানানোর জন্য অ্যাপলের নতুন পণ্য আইফোন-৪এস কেনাকেই প্রধান পন্থা হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অগণিত মানুষ। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের ভাবনাপ্রসূত এ নতুন স্মার্টফোনটি কেনার জন্য অ্যাপল স্টোরগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতেও ক্লান্তি বোধ করছে না তারা। জবস উদ্ভাবিত আইফোন, আইপ্যাড তাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে বলেও মন্তব্য করেছে এর ব্যবহারকারীরা।জার্মানির ফ্রাঙ্কফুটে অ্যাপলের নতুন এই আইফোন কেনার জন্য সারা রাত দোকানের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে অনেককে। একই রকম চিত্র দেখা গেছে লন্ডন, প্যারিস ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাপল স্টোরগুলোতে। ২০ বছর বয়সী অ্যান্টন মাকোভ ক্যালিফোর্নিয়ার একটি দোকান থেকে আইফোন-৪এস কেনার পর বলেছেন, ‘আমি এই অ্যাপল স্টোরের সামনে গত দুই রাত ধরে অপেক্ষা করেছি। কিন্তু এতে আমার কোনো ক্লান্তি ছিল না। আগের সব প্রজন্মের আইফোনই আমার কাছে ছিল। তাই এটাও আমি সংগ্রহে রাখতে চেয়েছি। কারণ, মৃত্যুর আগে এতেই ছিল জবসের সর্বশেষ ছোঁয়া।’ সিডনির আইফোন স্টোরের সামনে তিন দিন অপেক্ষা করে কাঙ্ক্ষিত এই আইফোন কেনার পর ১৫ বছর বয়সী টম মোসকা বলেছেন, ‘আমি এটা কেনার মাধ্যমে স্টিভ জবসকে শ্রদ্ধা জানাতে চেয়েছি। তাঁর মৃত্যু সত্যিই খুব দুঃখজনক।’কিছু কিছু ক্ষেত্রে অ্যাপলের আইফোন দিয়ে অনেকে নিজের ভাগ্য পরিবর্তন করতেও সক্ষম হয়েছেন বলে উল্লেখ করেছেন। ইংল্যান্ডের ৩০ বছর বয়সী রব সোস্মিথ বলেছেন, ‘আমি একজন বর্জ্য পরিষ্কারক হিসেবে কাজ করতাম। কিন্তু ২০০৯ সালে আমার তৈরি একটি আইফোন অ্যাপ্লিকেশন সফলতা পায়। অ্যাপল আমাকে এই সুযোগটা না দিলে আমি হয়তো এখনও ডাস্টবিন পরিষ্কার করতাম।’অ্যাপলের অন্য যেকোনো পণ্য বিক্রির রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে নতুন এই আইফোন-৪এস। প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই এটি বিক্রি হয়েছে এক মিলিয়নেরও বেশি। স্টিভ জবসের পর ক্যালিফোর্নিয়া-ভিত্তিক এ প্রতিষ্ঠানটির ভবিষ্যত্ কেমন হবে, তা যাচাইয়ের জন্যও নতুন এই আইফোনটির পারফরমেন্সের দিকেই নজর দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ওয়েবসাইট।