শ্রবণপ্রতিবন্ধীদের জন্য পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুখে উচ্চারিত শব্দ বা কথাকে কম্পনে রূপান্তর করার জন্য তৈরি করা হয়েছে একটি যন্ত্র। এটি গায়ে চড়িয়ে শ্রবণপ্রতিবন্ধীরা কম্পনের মাধ্যমে সেই কথাবার্তা বুঝতে পারবে। যুক্তরাষ্ট্রের দুই স্নায়ুবিজ্ঞানী এই বিশেষ পোশাক বাজারে নিয়ে আসার জন্য কাজ করছেন।
কানে ঠিকমতো শুনতে পায় না—এমন মানুষের সংখ্যা বিশ্বজুড়ে বর্তমানে প্রায় পাঁচ কোটি ৩০ লাখ। শল্যচিকিৎসার মাধ্যমে কানে একটি বৈদ্যুতিক যন্ত্র স্থাপনের (ককলিয়ার ইমপ্ল্যান্ট) মাধ্যমে কেউ কেউ শুনতে পায় বটে। কিন্তু এই চিকিৎসায় খরচ অনেক। আর ১২ বছরের কম বয়সীদের ওপর এটি ভালো কাজও করে না। তাই শ্রবণপ্রতিবন্ধীদের সমস্যা সমাধানের লক্ষ্যে বিকল্প উপায় উদ্ভাবনের চেষ্টা শুরু করেন টেক্সাসের বেইলর কলেজ অব মেডিসিনের স্নায়ুবিজ্ঞান বিভাগের দুই গবেষক স্কট নোভিচ ও ডেভিড এগলম্যান। তাঁরা যে বিশেষ যন্ত্রটি তৈরি করেছেন, তাতে যুক্ত সংবেদি (সেন্সর) এক স্নায়ু থেকে আরেকটিতে তথ্য সরবরাহ করতে পারে। প্রায় একই ধরনের উদ্যোগ নিয়েছে নিউইয়র্কের ট্যাকটাইল নেভিগেশন টুলস নামের একটি প্রতিষ্ঠান। এটি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দূরত্বসংক্রান্ত তথ্যকে কম্পনে রূপান্তরকারী একটি পোশাক তৈরি করছে।
নোভিচ বলেন, মানুষের স্নায়ুবিক গ্রহীতাগুলো মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়। গ্রহীতাগুলো নির্দিষ্ট ধরনের তথ্য নিতে পারে। ভেস্ট বা ভার্সেটাইল একস্ট্রা-সেনসরি ট্রান্সডিউসার নামের নতুন যন্ত্রটি কোনো পোশাকের ওপরে বা নিচে পরা যাবে। এতে সংযুক্ত একটি ছোট্ট যন্ত্রাংশ (মাইক্রোচিপ) বাইরের পরিবেশ থেকে শব্দ সংগ্রহ করবে এবং অ্যান্ড্রয়েড প্রযুক্তিনির্ভর কোনো ট্যাবলেট বা স্মার্টফোনে পাঠাবে। আর সেখান থেকে শব্দগুলো নির্দিষ্ট ধরনের কম্পনে রূপান্তরিত হয়ে দুই ডজন ছোট ভেঁপুর মাধ্যমে প্রকাশিত হবে।
যন্ত্রটি ব্যবহার করে দেখেছেন বেশ কয়েকজন শ্রবণপ্রতিবন্ধী। তাঁরা এলোমেলো শব্দের রূপান্তরিত কম্পন ত্বকের মাধ্যমে অনুভব করেন এবং সঠিক অর্থ বুঝতে সমর্থ হন। দিনে একবারে ৩০০ থেকে ৬০০ বার তাঁরা যন্ত্রটি ব্যবহার করে একপর্যায়ে ৭৫ শতাংশ শব্দ সঠিকভাবে চিহ্নিত করেন। তবে যন্ত্রটির পরীক্ষামূলক ব্যবহার শেষ হয়নি। গবেষকেরা এখনো তথ্য-উপাত্ত নিচ্ছেন। তবে প্রাথমিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। এগলম্যান মনে করেন, কেউ টানা দুই সপ্তাহ ধরে যন্ত্রটি পরিধান করলে প্রত্যক্ষ অনুভবের একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। তখন শব্দ বুঝতে তাঁদের দক্ষতা প্রায় ‘শোনার’ পর্যায়ে পৌঁছে যাবে।
সোসাইটি অব নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে এই গবেষণার বিষয়বস্তু গত মঙ্গলবার উপস্থাপন করা হয়েছে। এ গবেষণার জন্য ইতিমধ্যে ৪৭ হাজার মার্কিন ডলারের তহবিল জোগাড় করা হয়েছে। নোভিচ ও এগলম্যানের হিসাব অনুযায়ী, শ্রবণপ্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে তৈরি পোশাকটি দুই হাজার ডলারেরও কম দামে বাজারে আনা সম্ভব হবে। সূত্র: লাইভসায়েন্স