শ্রীপুরের ওয়েবসাইট চালু
গাজীপুর জেলার শ্রীপুরের নানা বিষয় নিয়ে একটি ওয়েবসাইট গত শনিবার ইন্টারনেটে চালু হয়েছে। এতে শ্রীপুরের বাণিজ্যিক, প্রাকৃতিক, শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক রাজনৈতিক পটভূমি তুলে ধরা হয়েছে। গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে এই ওয়েবসাইটটি উদ্বোধন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ একটি প্রত্যাশার নাম। এই প্রত্যাশা বাস্তবে রূপদানের জন্য সর্বস্তরের মানুষকে সমভাবে কাজ করতে হবে। খবর বিজ্ঞপ্তির। শ্রীপুরের ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, সাংসদ তানজিম আহমদ সোহেল তাজ, আ ক ম মোজাম্মেল হক, মো. জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি, জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদার, উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ ইকবাল হোসেনসহ অনেকে।শ্রীপুর উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে এ সাইটটি তৈরি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সঙ্গে শ্রীপুরের জনগোষ্ঠীর সম্পৃক্ত করার প্রয়াসে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। সাইটটির ঠিকানা: www.sreepur.net।