শ্রীফলতলা সেজেছে উৎসবের সাজে
শ্রীফলতলা পাইলট উচ্চবিদ্যালয়ের বিরাট মাঠ। মাঠের মাঝখানে ঘের দিয়ে অনেকগুলো স্টল। একপাশে মাদুর বোনা, মেহগনি থেকে বালাইনাশক, মৃত্পাত্রসহ কুটিরশিল্পের নানা উপাদান দেখানো হচ্ছে। আরেক পাশে তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর স্টল। অপর সারিতে স্থানীয় স্কুলগুলো দেখাচ্ছে নিজেদের কাজে কম্পিউটারের নানা ব্যবহার। এসব স্টলের পেছনে নাগরদোলা, খাবারদাবারের স্টল। একেবারে জমজমাট এক আয়োজন। পুরো শ্রীফলতলা গ্রামে উত্সবের আমেজ এ আয়োজন ঘিরে। আয়োজনের নাম জ্ঞানমেলা। বাগেরহাটের রামপাল উপজেলার এ গ্রামে এই নিয়ে পাঁচবার জ্ঞানমেলার আয়োজন করল আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। গতকাল বুধবার থেকে শুরু হয়েছে দুই দিনের এই মেলা। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রীফলতলা গ্রামের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মাহমুদুল হক স্বাগত বক্তৃতা করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর শ্রীফলতলা জ্ঞানগ্রাম বিষয়ে স্থানীয় মানুষদের সঙ্গে ঢাকা থেকে আসা তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতবিনিময় শুরু হয়। এ পর্বের সঞ্চালনা করে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। বক্তারা তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রামে গ্রামে জ্ঞানচর্চা বাড়ানোর কথা বলেন। নিজেদের প্রয়োজনে ও কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহারে শ্রীফলতলার সাফল্য বাংলাদেশের গ্রামগুলোতে ছড়িয়ে দেওয়ার কথাও বলেন বক্তারা। মতবিনিময় সভায় বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোকূল কৃষ্ণ ঘোষ, রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন, উপজেলা চেয়ারম্যান মোল্লা আবদুর রউফ, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ফিরোজ মাহমুদ, ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান, বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের (বিটিএন) মহাসচিব শহীদ উদ্দিন আকবর, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, ডিজিটাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান টি আই এম নূরুল কবীর, মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল জলিল, সদস্য সচিব মো. রেজাউল করিমসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন। এবারের মেলার বিষয় হলো স্থানীয় জ্ঞান ও তথ্যপ্রযুক্তি। পাশাপাশি শ্রীফলতলাকে সত্যিকারের জ্ঞানগ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম বলেন, জ্ঞানগ্রামে জ্ঞানের চর্চা হবে। সেই চর্চাকে এগিয়ে নিয়ে যাবে তথ্যপ্রযুক্তির। তবে জ্ঞানগ্রামে প্রযুক্তির বিকাশ হবে সহজাত স্বাভাবিকতায়। জ্ঞানমেলায় স্থানীয় পেড়িখালী পিইউ মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েবসাইট (www.pkss.org) ইন্টারনেটে চালু করা হয়। বিটিএনের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা-সহায়ক ডিজিটাল প্রকাশনা (www.esme.com.bd) প্রকাশ করা হয়। সেরা জ্ঞানকর্মী হিসেব মহুয়া সুলতানাকে পুরস্কৃত করে আমাদের গ্রাম। মেলায় গতকাল রূপান্তর পটগান, রামপাল সাংস্কৃতিক মঞ্চ জারি গান ও পুঁথিপাঠ পরিবেশন করে। দুই দিনের উত্সবমুখর এ মেলা আজ শেষ হবে। তথ্যপ্রযুক্তির নানা কর্মকাণ্ডের প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা রকম প্রতিযোগিতা আছে মেলায়। এর আগে গত মঙ্গলবার রাতে খুলনায় জ্ঞানমেলার পক্ষ থেকে দীপক কামাল স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এতে আলোচনার বিষয় ছিল ‘জলবায়ু পরিবর্তন: প্রেক্ষিত দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ’। —পল্লব মোহাইমেন, শ্রীফলতলা (বাগেরহাট) থেকে