শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ বিডিনগ সম্মেলন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) চতুর্থ সম্মেলন ও কর্মশালা। সম্মেলনে ১৫ জন গবেষক তাঁদের গবেষণা ও প্রযুক্তিবিষয়ক ধারণা উপস্থাপন করেন। এতে টেলিযোগাযোগ ও আইএসপি প্রকৌশলীদের জন্য মাল্টি প্রটোকল লেভেল সুইচিং (এমপিএলএস) প্রযুক্তি এবং ক্লাউড কম্পিউটিং ও লিনাক্স শেল প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
১০ নভেম্বর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মো. আমিনুল হাকিম, বিডিনগের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুমন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার সিদ্দীক-ই রব্বানীসহ অনেকে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তি।
অনুষ্ঠানে সুমন আহমেদ বলেন, বাংলাদেশের ইন্টারনেট পরিচালনা প্রযুক্তিবিষয়ক এই সম্মেলনে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পরিচালন বিষয়ে বিভিন্ন গবেষণা সম্পাদন, স্থানীয় আইসিটি ট্যালেন্টদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করা এবং বাংলাদেশের জন্য বেটার ইন্টারনেটের ব্যবস্থা করতে সহায়তা করাই এই সম্মেলনের উদ্দেশ্য। সম্মেলনটি শেষ হয় ১৪ নভেম্বর।
সম্মেলনের আহ্বায়ক এফ এম রাশেদ আমিন বলেন, বিডিনগ একটি ফোরাম। সবাই মিলে একসঙ্গে কাজ করার লক্ষ্যে বিডিনগ তৈরি করা হয়, যাতে নিজেদের অর্জিত জ্ঞান শেয়ার করা, সাহায্য করা ও নেতৃত্ব তৈরি করা যায়।
বিডিনগ সভাপতি নুরুল ইসলাম জানান, ‘বিডিনগের এ ধরনের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি জ্ঞানসম্পন্ন মানুষ বিশেষ করে ইঞ্জিনিয়াররা অনেক উপকৃত হচ্ছেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য যদিও প্রকৌশলীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞানের ব্যাপ্তি বাড়ানো, তবুও আমি আশা করব, সামনের দিকে প্রযুক্তিতে আগ্রহী লোকজনকেও এ ধরনের সম্মেলনে সংযুক্ত করার প্রক্রিয়া শুরু করতে হবে।’ বিডিনগ সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি প্রকৌশলীদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়, এতে আমাদের স্থানীয় প্রকৌশলীরা উচ্চতর জ্ঞান অর্জনের সুযোগ পান।