শ্রেণীকক্ষের জন্য এল ডিজিটাল বোর্ড
শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে। গতকাল রোববার ঢাকায় বেসিসের সম্মেলনকক্ষে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা ও শিক্ষা খাতে এর ব্যবহার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। বিশ্বখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিটাচির পরিবেশক ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড এ সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে জানানো হয়, হিটাচির ‘ইন্টারঅ্যাকটিভ হোয়াইট বোর্ড’-এর তিনটি মডেলের প্যাকেজ ‘ডিজিক্লাস’ এখন বাংলাদেশে পাওয়া যাবে। সম্মেলনে বক্তারা বলেন, এ বোর্ডগুলোকে হোয়াইট বোর্ডের মতোই ব্যবহার করা যাবে। হাতের লেখাকে মুদ্রণ ফন্টে পরিবর্তন, সঠিক মাপমতো রেখা-ত্রিভুজ-চতুর্ভুজ আঁকা, বোর্ডের লেখায় যেকোনো রঙের ব্যবহার, শিক্ষকের দেওয়া পাঠের লেখ্য ও ভিডিও সংরক্ষণ, যেকোনো ভুল তথ্য মুছে ফেলাসহ বেশ কিছু সুবিধা পাওয়া যাবে বোর্ডগুলোতে। এখানে লেখালেখি আর পড়ালেখার কার্যক্রম ছাড়া পাশাপাশি কম্পিউটারের সব ধরনের কাজ করা যাবে। ইউএসবি কেবেলর মাধ্যমে চলবে এগুলো। বোর্ডগুলোতে লেখা যাবে সাধারণ ও বিশেষ ধরনের বুদ্ধিমান কলম (ইন্টেলিজেন্ট পেন) দিয়ে। তিনটি বোর্ডের একটি অবশ্য হাতের স্পর্শেও চলবে।ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম বলেন, ‘উন্নত দেশগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানে এই ইন্টারঅ্যাকটিভ হোয়াইট বোর্ডের সাহায্যে পাঠদান করা হয়। দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে আমাদের দেশেও এ ধরনের প্রযুক্তির প্রয়োজন রয়েছে। আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এগুলোর প্রসারে প্রচারণা চালাব।’ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেডের করপোরেট ব্যবস্থাপক রকিবুল ইসলাম, তথ্যপ্রযুক্তির প্রধান শফিকুল ইসলামসহ অনেকে। —জিয়াউর রহমান চৌধুরী