শ্রোতার অবস্থান বুঝে তথ্য দেবে বেতার!
শ্রোতার অবস্থানগত পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে বিবিসি রেডিও। ‘পারসেপটিভ রেডিও’ নামের নতুন প্রযুক্তির বেতার তৈরি করেছে সংবাদমাধ্যমের এ প্রতিষ্ঠানটি। বিবিসি করপোরেশনের ফিউচার মিডিয়া নর্থ ল্যাবের তৈরি প্রযুক্তিগতভাবে অনুভবক্ষম এই বেতার বিশ্বে প্রথমবারের মতো ব্যবহূত হচ্ছে বলে বিবিসির দাবি। বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।বিবিসির গবেষক দল কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে একটি রেডিও ড্রামা তৈরি করেছে, যার স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপির তথ্য আবহাওয়া বা অন্যান্য অনেক বিষয় অনুধাবন করে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে পারে।২১ থেকে ২৩ মে যুক্তরাজ্যের গেটসহেডে অনুষ্ঠিত থিংকিং ডিজিটাল কনফারেন্সে পারসেপটিভ রেডিও প্রদর্শিত হয়েছে। গবেষকদের দাবি, পারসেপটিভ রেডিওর কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে তৈরি কণ্ঠস্বর শ্রোতার অবস্থান অনুযায়ী ভিন্ন তথ্য পরিবেশন করতে পারবে, অর্থাত্ একই তথ্য একেক অঞ্চলে পরিবেশভেদে আলাদা শোনাবে। মূল অনুষ্ঠানে যদি আবহাওয়ার খবরে বলা হয়, আজ আকাশে রোদ থাকবে, কিন্তু যে অঞ্চলে বৃষ্টি হচ্ছে, সেই অঞ্চলের শ্রোতারা রোদের বদলে বৃষ্টির তথ্য শুনতে পাবেন।এ রেডিওটির মডেলের সঙ্গে যুক্ত মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ডের শব্দ বিশ্লেষণ করে শ্রোতার জন্য সহনীয় মাত্রার শব্দে তথ্য পরিবেশন করতে পারবে।বিবিসির গবেষকেরা আশা করছেন, তাঁদের এ পদ্ধতিতে শ্রোতাদের আকৃষ্ট করা সম্ভব হবে।বিবিসির প্রযুক্তিবিদ টনি ক্রানসাইড জানান, পরবর্তী প্রজন্মের সম্প্রচারের এটা শুরুর পদক্ষেপ। এত দিন পর্যন্ত শ্রোতারা কে কোন অবস্থায় রয়েছেন, এর কোনো মূল্য ছিল না। একই ধরনের বিষয় সবাই শুনতে পেতেন। শ্রোতাদের কাছে সাধারণত মনো বা স্টেরিও রেডিও দেখা গেছে। কিন্তু এখন সময় বদলে গেছে। এখন রেডিও শোনার জন্য মানুষ বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করছে।টনি জানান, রেডিওর প্রযুক্তি অনেকটাই রেসপনসিভ ওয়েব ডিজাইনের মতো। এ পদ্ধতিতে এক রকমের ওয়েব পেজ স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপ, ট্যাবলেট, স্মার্টফোনের মতো ডিভাইসগুলোর আকারের সঙ্গে আকার পরিবর্তন করে পাঠকের কাছে হাজির হয় এবং তাদের কাছে ব্যবহারবান্ধব হয়ে ওঠে।বিবিসির এ গবেষক দলটি রিঅ্যাকটিভ রেডিও নাটক নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেছে। এই নাটকের লিংকটি হচ্ছে http://futurebroadcasts.com/