সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-৮ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
# উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।
সাইফুল একজন শেয়ার ব্যবসায়ী। তিনি নিজের সঞ্চিত অর্থ ও ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেন। কিন্তু সম্প্রতি শেয়ায়বাজার কেলেঙ্কারি ও ধসের কারণে তাঁর বিনিয়োগকৃত টাকা গচ্চা যায়। এতে তিনি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েন। সঞ্চিত সব টাকা হারিয়ে ও ব্যাংকের ঋণ শোধ করার ভয়ে তিনি আত্মহত্যা করেন।
প্রশ্ন:
ক. The Suicide গ্রন্থের লেখক কে?
খ. জৈবিক সংহতি বলতে কী বোঝায়?
গ. সাইফুলের আত্মহত্যাকে কোন ধরনের আত্মহত্যা বলা যায়?
ঘ. এ ধরনের আত্মহত্যাই একমাত্র আত্মহত্যা নয়—কথাটি বিশ্লেষণ করো।
উত্তর: ক. এমিল ডুর্খেইম।
উত্তর: খ. জৈবিক সংহতি হলো বৈসাদৃশ্যের সংহতি। এখানে ব্যক্তির ধ্যান-ধারণা, মূল্যবোধ, পেশা প্রভৃতিতে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। ব্যক্তির ওপর গোষ্ঠীর প্রভাবও কমে আসে। আদিম সমাজে যান্ত্রিক সংহতি দেখা গেলেও আধুনিক সমাজে জৈবিক সংহতি দেখা যায়। ডুর্খেইমের মতে সমাজে শ্রম বিভাজন বৃদ্ধি, নগরায়ণ ও শিল্পায়নের প্রসারের সঙ্গে জৈবিক সংহতির উদ্ভব হয়েছে।
উত্তর: গ. সাইফুলের আত্মহত্যাকে নৈরাজ্যমূলক আত্মহত্যা হিসেবে অভিহিত করা যায়।
সমাজে যখন সামাজিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে এবং সব ক্ষেত্রে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করে, তখন যে আত্মহত্যা হয় তাকে নৈরাজ্যমূলক আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়। সমাজে নানা ধরনের আর্থ-সামাজিক বিপর্যয়ের কারণে মানুষের মধ্যে বিতৃষ্ণার উদ্ভব হয়। মানুষের শান্তিপূর্ণ জীবন যাপন বিঘ্নিত হয়। এ বিতৃষ্ণা ও বিশৃঙ্খলা থেকে বাঁচার জন্য মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। এ ধরনের আত্মহত্যাকে ডুর্খেইম নৈরাজ্যমূলক আত্মহত্যা হিসেবে অভিহিত করেন।
উদ্দীপকে দেখা যাচ্ছে, সাইফুল নিজের গচ্ছিত পুঁজি ও ব্যাংক ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেন। কিন্তু শেয়ারবাজারে ধস নামায় তিনি আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হন। এতে তাঁর জীবনে আর্থিক বিপর্যয় নেমে আসে। এর থেকে বাঁচার জন্যই মূলত তিনি আত্মহত্যা করেন। আর এ আত্মহত্যা ডুর্খেইম বর্ণিত নৈরাজ্যমূলক আত্মহত্যাই বলা যায়।
উত্তর: ঘ. উদ্দীপকে নির্দেশিত নৈরাজ্যমূলক আত্মহত্যাই একমাত্র আত্মহত্যা নয়। আত্মহত্যার আরও ধরন রয়েছে।
সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম নৈরাজ্যমূলক আত্মহত্যা ছাড়াও আরও দুই ধরনের আত্মহত্যা নিয়ে আলোচনা করেন।
আত্মকেন্দ্রিক আত্মহত্যা: সমাজে সংহতি কমে গেলে এ ধরনের আত্মহত্যা হয়। এখানে সমাজের সঙ্গে ব্যক্তির সংহতির অভাব পরিলক্ষিত হয়। মূলত ব্যক্তি একাকিত্ব, নিঃসঙ্গতা, হতাশা, ব্যর্থতা প্রভৃতি থেকে মুক্তি পেতে যে আত্মহত্যা করে তা-ই আত্মকেন্দ্রিক আত্মহত্যা। পরিবার, সমাজ, সম্প্রদায় প্রভৃতি থেকে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে এ ধরনের আত্মহত্যা করে। বিবাহিতদের চেয়ে অবিবাহিতরা এ ধরনের আত্মহত্যা বেশি করে বলে ডুর্খেইম মত দেন।
পরার্থমূলক আত্মহত্যা: আত্মকেন্দ্রিক আত্মহত্যার বিপরীত ধরন হলো পরার্থমূলক আত্মহত্যা। সমাজে যখন সংহতি বেশি থাকে, তখন এ আত্মহত্যা হয়। ব্যক্তি সমাজের স্বার্থে যখন আত্মহত্যা করে তখন তাকে পরার্থমূলক আত্মহত্যা বলা যায়। অপরের কল্যাণে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, ধর্মীয় চেতনা রক্ষায় কিংবা অন্যের সুখের জন্য অনেক সময় মানুষ নিজের জীবন উৎসর্গ করে থাকে, যাকে ডুর্খেইম পরার্থমূলক আত্মহত্যা হিসেবে অভিহিত করেন।
উল্লিখিত দুটি ধরন ছাড়াও ডুর্খেইম অদৃষ্টবাদী আত্মহত্যা নামে আরও একটি ধরনের কথাও বলেছেন। সামাজিক নিয়ন্ত্রণ বেশি হলে এ ধরনের আত্মহত্যা সংঘটিত হয়। যেখানে অতিমাত্রায় নিয়ন্ত্রণ, নিয়মানুবর্তিতা ও অনুশাসন থাকে, সেখানে এমন আত্মহত্যা হয়। বিশেষ করে শৃঙ্খলা বাহিনীর মধ্যে এ ধরনের আত্মহত্যা হয় বলে তিনি মত দেন।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম