সংকট কাটছে না থাইল্যান্ডের

থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট সমাধানের আশু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিক্ষোভকারীদের নেতা সুথেপ থগসুবান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি অনুযায়ী রাজনৈতিক সংস্কারের জন্য প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগ করতেই হবে। কিন্তু বিক্ষোভকারীদের দাবির কাছে নতি স্বীকার করে পদত্যাগে নারাজ ইংলাক। বরং তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ২ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারীরা নির্বাচনে গেলে একটা সমাধান হতে পারত। কিন্তু বিক্ষোভকারীরা নির্বাচনে যাবে না বলে জানিয়ে দিয়েছে।
এই পরিস্থিতিতে রাজপথের বিক্ষোভ যখন দিনে দিনে সহিংস রূপ নিচ্ছে, তখন কোনো কোনো পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল হয়তো সেনাবাহিনী হস্তক্ষেপ করে বসতে পারে। দেশটির রাজনৈতিক পরিক্রমার দিকে তাকালে মনে হবে, এমনটা ঘটা অস্বাভাবিক কিছু নয়। ইংলাকের ভাই দুইবারের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে বিদায় নিতে হয়েছে প্রবল গণবিক্ষোভের একপর্যায়ে সেনাবাহিনীর হস্তক্ষেপে। সেটা ২০০৬ সালের ঘটনা। আর থাইল্যান্ডের গত ৮০ বছরের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর এমন হস্তক্ষেপ বা হস্তক্ষেপের চেষ্টার ঘটনা ঘটেছে ১৮ বার।
বিক্ষোভকারীদের নেতা সুথেপ থগসুবান তো প্রকাশ্যেই সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। গত শনিবার ব্যাংককে সশস্ত্র বাহিনীর এক সেমিনারে থগসুবান সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার থানাসাক পাতিমাপ্রাকর্নকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ভূমিকা রাখলে জনগণ প্রশংসা করবে।’ কিন্তু থগসুবানকে নিরাশ করেন সশস্ত্র বাহিনীর প্রধান।
থাইল্যান্ডে অস্থিতিশীল পরিস্থিতির সূত্রপাত মূলত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে হটানোর আন্দোলন থেকে। ২০০৬ সালে ওই আন্দোলনে থাকসিনকে বিদায় নিতে হয়। তিনি স্বেচ্ছা নির্বাসনে যান। এরপর আরেকটি সরকার এলেও সেই সরকার বেশি দিন টিকতে পারেনি। ২০১১ সালে ক্ষমতায় ফিরে আসে থাকসিনের পুয়ে থাই পার্টি। প্রধানমন্ত্রী হন থাকসিনের বোন ইংলাক। এরপর কিছুদিন না যেতেই বিরোধীরা অভিযোগ তোলে, দেশের সরকার চালাচ্ছেন আসলে থাকসিনই। ইংলাক তাঁর ভাইয়ের হাতের পুতুল।
বিক্ষোভকারীদের ক্ষোভ মূলত সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের ওপর। তিনি ছিলেন টেলিকম ব্যবসায়ী। ব্যবসায়ী থেকে পরপর দুইবার প্রধানমন্ত্রী। ক্ষমতায় এসে তিনি নিজের ব্যবসাকে ফুলিয়ে-ফাঁপিয়ে নিয়েছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতিরও অনেক অভিযোগ আছে। এত কিছুর পরও দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয় ছিলেন। কিন্তু ব্যবসায়ী থেকে ক্ষমতার শীর্ষে তাঁর উঠে আসাটা মেনে নিতে পারেনি দেশটির অভিজাত ও মধ্যবিত্তদের একটি অংশ। এবারের সরকারবিরোধী বিক্ষোভেও নেতৃত্ব দিচ্ছে সমাজের ওই অংশ।
গত নভেম্বরের প্রথম দিকে একটি বিল পাসের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী ইংলাক। বিরোধীরা বলছে, রাজনৈতিক ক্ষমাসংক্রান্ত ওই বিল পাস করার উদ্দেশ্য মূলত সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের দেশে ফেরার পথ সুগম করতে। তখন আর তাঁকে দুর্নীতির অভিযোগে জেল খাটার ভয় থাকবে না।
ওই বিল পাসের বিরুদ্ধে নতুন করে দানা বাঁধতে থাকে সরকারবিরোধী আন্দোলন। এতে নেতৃত্ব দিতে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি থেকে পদত্যাগ করেন সাবেক উপপ্রধানমন্ত্রী সুথেপ থগসুবান। গত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আন্দোলন চাঙা হয়। চলতি মাসের শুরুর দিকে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন নিহত হয়। এরপর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা পার্লামেন্ট থেকে পদত্যাগ করে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করলে ৯ ডিসেম্বর ইংলাক ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন।
কিন্তু থগসুবান বলছেন, নির্বাচন কোনো সমাধান নয়। বর্তমান কাঠামোয় এখন ভোট হলে বর্তমান সরকার আবার ক্ষমতায় ফিরে আসবে ভোট কিনে ও জালিয়াতি করে। কাজেই তাঁরা নির্বাচনে যাচ্ছেন না। তাঁদের দাবি, দেশের রাজনৈতিক কাঠামোয় সংস্কার দরকার। এ জন্য একটি ‘পিপলস কাউন্সিল’ গঠন করতে হবে। সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধি নিয়ে এই কাউন্সিল হবে। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে এই কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, দেশের সংবিধানে পিপলস কাউন্সিল বলে কিছু নেই। কাজেই এ রকম কোনো কাউন্সিলের কাছে ক্ষমতা তুলে দেওয়া হবে অসাংবিধানিক।
সরকার ও বিক্ষোভকারীরা যখন এমন বিপরীত অবস্থানে তখন নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এ নিয়ে দোটানায় ভুগছে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি।
বিক্ষোভকারীরা নির্বাচনে যাবে না, প্রধান বিরোধী দল যদি না যায় তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। কাজেই নির্বাচনের মাধ্যমে চলমান সংকট সমাধানের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। সব মিলিয়ে এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়েছে থাইল্যান্ড।
ফারুক হোসেন
সূত্র: এএফপি ও রয়টার্স