সংকটের কথা জানিয়ে কর্মীদের কাছে নকিয়া প্রধানের খোলা চিঠি
শীর্ষ মোবাইল ফোন নির্মাতা নকিয়ার নতুন প্রধান স্টিফেন ইলোপ তাঁর প্রতিষ্ঠানের কর্মীদের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, হ্যান্ডসেট প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান এখন গভীর সংকটে রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক সাফল্যই নকিয়ার এ দুরবস্থার জন্য দায়ী। বিশেষ করে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও অ্যাপলের আইফোনের কাছে নকিয়ার তৈরি পণ্য মার খাচ্ছে। স্টিফেন ইলোপ বলেন, ‘২০০৭ সালে আইফোন প্রথম বাজারে আসে। আইফোনের কাছাকাছি যেতে পারে, এমন কোনো পণ্য গত সাড়ে তিন বছরে আমরা তৈরি করতে পারিনি।’ তিনি বলেন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাজারে এসেছে দুই বছর আগে। চলতি সপ্তাহে এ অপারেটিং সিস্টেম-চালিত ফোন জনপ্রিয়তার দিক দিয়ে সব স্মার্ট ফোনকে ছাড়িয়ে যায়। এটা সত্যিই অবিশ্বাস্য। ইলোপ বলেন, ‘এত দিন নকিয়া বিশ্বব্যাপী স্মার্ট ফোনের বাজারে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল। কিন্তু এখন তার অবসান হতে চলেছে। এ সংকট থেকে উদ্ধার পাওয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। এ জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই।’ গত বুধবার এনগেজেট নামের একটি ওয়েবসাইটে স্টিফেন ইলোপের লেখা এই খোলা চিঠি প্রকাশিত হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে স্টিফেন ইলোপ নকিয়ায় যোগ দেন। এর আগে তিনি মাইক্রোসফট করপোরেশনে ছিলেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান