সংখ্যাটি কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচ্ছা বলুন তো, গণিতে আমরা কেন মূলত ১০ ভিত্তিক (দশমিক বা ডেসিম্যাল) গণনাপদ্ধতি ব্যবহার করি? কেন এই পদ্ধতি সবাই গ্রহণ করেছে? এর প্রধান কারণ গুণ-ভাগ, যোগ-বিয়োগ করা সহজ। সময়ও কম লাগে। তা ছাড়া আমাদের দুই হাতে ১০ আঙুলে গণনার পদ্ধতি সেই আদিকাল থেকে চলে আসছিল। তাই ১০ ভিত্তিক গণনাপদ্ধতি সহজে প্রচলিত হয়েছে। অবশ্য কম্পিউটারে ২ ভিত্তিক (বাইনারি) গণনাপদ্ধতি ব্যবহার করা হয়। আবার কিছু ক্ষেত্রে ৬০ ভিত্তিক গণনাপদ্ধতিও চলে। যেমন, ১০ সংখ্যাটি দশমিক পদ্ধতিতে বোঝায় ১০, কিন্তু বাইনারি পদ্ধতিতে বোঝায় ২। বাইনারি ব্যবস্থায় শুধু ০ ও ১ এই দুটি অঙ্ক দিয়ে সব সংখ্যা প্রকাশ করা হয়। দশমিক পদ্ধতিতে ব্যবহার করা হয় ০ থেকে ৯ পর্যন্ত ১০টি অঙ্ক। দুজন ভারতীয় গণিতবিদ ১০ ভিত্তিক গণনাপদ্ধতির উদ্ভাবক। খ্রিষ্টীয় পঞ্চম শতাব্দীতে আর্যভট্ট দশমিক পদ্ধতি উদ্ভাবন করেন। এর পরের শতাব্দীতে ভারতীয় গণিতবিদ ব্রহ্ম গুপ্ত ০ (শূন্য) প্রতীক প্রবর্তন করেন। পরে আরবরা এই পদ্ধতি গ্রহণ করে। বাইনারি পদ্ধতিতে কোনো বড় সংখ্যা প্রকাশ করতে অনেক অঙ্ক লিখতে হয়। যেমন, ১০ লাখ সংখ্যাটি প্রকাশ করতে ১ ও ০ কে বিশেষ ক্রম অনুসারে পরপর সাজিয়ে মোট ২৭টি অঙ্ক লিখতে হয়। সংখ্যাটি হবে ১১০০১০০১১১১০১০০০০১০০১০০০০০০। অথচ দশমিক পদ্ধতিতে লাগবে মাত্র ৭টি অঙ্ক, ১–এর পর ছয়টি ০। খুব সহজ। ৬০ ভিত্তিক পদ্ধতিতে ১০ লাখ লিখতে লাগবে মাত্র ৪টি অঙ্ক, কিন্তু এই পদ্ধতি আয়ত্ত করতে গণিতের অনেক কঠিন ছক মনে রাখতে হবে। 

এ সপ্তাহের ধাঁধা
এমন একটি সংখ্যা লিখুন তো যার একদম ডান পাশের অঙ্কটি সরিয়ে যদি একদম বাঁ পাশে এনে বসাই, তাহলে সংখ্যাটি দ্বিগুণ হয়ে যাবে?
একটু চিন্তা করুন। এ রকম একাধিক সংখ্যা আছে। অনলাইনে মন্তব্য আকারে অথবা [email protected] ই-মেইলে আপনাদের উত্তর পাঠিয়ে দিন। সঠিক উত্তর দেখুন আগামী রোববার অনলাইনে।


গত সপ্তাহের ধাঁধার উত্তর
ধাঁধাটি ছিল এ রকম : (১/৫) ভগ্নাংশের লব (numerator) ও হর (denominator) উভয়ের সঙ্গেই এর হর যোগ করলে ভগ্নাংশটি তিন গুণ হয়। এখন এমন একটি ভগ্নাংশ বের করুন তো যার হর ও লবের সঙ্গে হর যোগ করলে ভগ্নাংশটি ৫ গুণ হবে?

উত্তর
ভগ্নাংশটি (১/৯)। এর হর ও লবের সঙ্গে হর যোগ করলে ভগ্নাংশটি হবে (১ + ৯) / (৯ + ৯) = (১০ / ১৮) = (৫ / ৯) = ৫×(১ / ৯) অর্থাৎ (১ / ৯)–এর ৫ গুণ।
প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ।


কীভাবে উত্তর বের করলাম
এই প্রশ্নের সমাধানের জন্য আমরা একটি মজার সূত্র ব্যবহার করেছি। সূত্রটি হলো, যেকোনো ভগ্নাংশের লব যদি ১ হয় এবং হর যদি এমন একটি বিজোড় সংখ্যা হয়, যা (২ক - ১) রূপে প্রকাশ করা যায়, তাহলে ওই ভগ্নাংশের লব ও হর উভয়ের সঙ্গে এর হর যোগ করলে প্রাপ্ত ভগ্নাংশটি প্রথম ভগ্নাংশের ক-গুণ হয়। এখানে যেহেতু নির্ণেয় ভগ্নাংশের ৫-গুণ পেতে হবে, তাই হিসাব করে দেখলাম, হর হবে (২×৫-১) = ৯। সুতরাং ভগ্নাংশটি হবে (১/৯)।


আব্দুল কাইয়ুম
সম্পাদক, মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা