একটি মজার ধাঁধা। ৬টি পাখি ৬ দিনে ৬টি ডিম দেয়। তাহলে ১ ডজন বা ১২টি পাখি ১২ দিনে কয়টি ডিম দেবে? মনে হয় খুব সোজা। নিশ্চয়ই ১২টি, এ ছাড়া আর কী, তাই না? কিন্তু না। ভুল হয়ে গেল। কারণ যেহেতু ৬টি পাখি ৬ দিনে ৬টি ডিম দেয়, তাহলে ১টি পাখি গড়ে ৬ দিনে দেয় মাত্র ৬/৬, মানে মাত্র ১টি ডিম। এই হিসাবে, ১টি পাখি ১ দিনে দেবে ১/৬টি ডিম। ১২ দিনে দেবে (১*১২) / (৬) = ২টি ডিম। ১২টি পাখি ১২ দিনে দেবে (২*১২) = ২৪টি ডিম।
আরেকটি মজার ধাঁধা দেখুন। ১ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলোর মধ্যে এমন ৩টি অঙ্ক লিখুন, যাদের যোগফল হবে ৮। কোনো অঙ্ক একবারের বেশি ব্যবহার করা যাবে না। এর উত্তর দুইভাবে হতে পারে। যেমন, (১ + ২ + ৫) = ৮। এবং (১ + ৩ + ৪) = ৮। এখানে আমি সবচেয়ে ছোট অঙ্কটি ধরেছি ১। কেন ১? কেন বেশি নয়? এর পেছনের যুক্তিটি হলো, সবচেয়ে ছোট অঙ্কটি যদি ১ না ধরে ২ ধরি, তাহলে পরের অঙ্কটি অন্তত ৩ হতে হবে এবং এরপর ৪ ছাড়া গতি নেই। তাহলে যোগফল হয়ে যায় ৯, কিন্তু আমরা চাই ৮। সুতরাং সবচেয়ে ছোট অঙ্কটি হতে হবে ১। তাহলে আর দুটি অঙ্কের যোগফল হতে হবে ৭। এবং ৭ হতে পারে (২ + ৫) অথবা (৩ + ৪)। (৬ + ১) হতে পারে না, কারণ ১ তো আগেই ব্যবহার করেছি। সুতরাং উত্তর মাত্র দুটিই হবে।
এখন একটি কঠিন ধাঁধা দিই। ০ থেকে ৯ পর্যন্ত ১০টি অঙ্ক ব্যবহার করে আমি একটি সংখ্যা লিখলাম। সংখ্যাটি হলো
৮১৪৬৩২৯৫০৭।
এই সংখ্যাটি এমনভাবে লিখেছি যে এর মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য লুকিয়ে আছে। এখন আপনি চিন্তাভাবনা করে বের করুন সেই বৈশিষ্ট্যটি কী?