সংখ্যার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর প্রাচীনতম সংখ্যাব্যবস্থা জন্ম হয় একজন রাখালের হাতে। নিজের ভেড়াগুলোকে গুনে রাখার জন্য নিজের মতো করেই একটা পদ্ধতি তৈরি করে সে। সেখান থেকেই শুরু সংখ্যার পথচলা। আমাদের আজকের জীবনে হিসাব রাখাটা যতটা গুরুত্বপূর্ণ, ১০ হাজার বছর আগে প্রাচীন সুমেরুর একজন মেষপালকের জন্যও সেটা হয়তো ততটাই গুরুত্বপূর্ণ ছিল। তবে আমাদের জন্য কাজটা যত সহজ, সে সময় তা সে রকম ছিল না। সেই নাম না জানা মেষপালককে কেউ শিখিয়ে দেওয়ার ছিল না যে এক-এর পাশে শূন্য বসালে সেটা ১০ হয়ে যায়। তাই নিজের ভেড়াগুলোকে সামলে রাখতে সে নিজেই একটা নিয়ম বানিয়ে নিল। ভেড়ার পালের প্রতিটি ভেড়ার জন্য একটা করে ছোট্ট পাথর নিয়ে একটা মাটির কৌটায় সে জমানো শুরু করল। ভেড়ার সংখ্যা ঠিক আছে কি না যাচাই করে নিতে সে ঠিক উল্টো কাজটি করত। প্রতিটি ভেড়ার জন্য কৌটা থেকে একটি করে পাথর বাইরে সরিয়ে রেখে সে ঠিকঠিক মিলিয়ে নিত তার ভেড়ার সংখ্যা ঠিক আছে।সময় বদলাল, সুমেরীয়দের চিন্তাভাবনাও বেশ ‘স্মার্ট’ হতে লাগল। অনেক ভেড়ার জন্য একটা একটা করে পাথর জমানো অনেক কঠিন কাজ। তারা যেটা করল, পাথরের টুকরাগুলোর ওপর ভিন্ন ভিন্ন চিহ্ন এঁকে দিল। এই যেমন দুটি ভেড়া বোঝাতে পাথরের ওপর + চিহ্ন এঁকে দিত। আবার ১০টি ভেড়া বোঝাতে তারা পাথরের ওপর অন্য একটা চিহ্ন ব্যবহার করত। শুধু তা-ই নয়, ভিন্ন ভিন্ন প্রাণীর জন্য তারা ভিন্ন ভিন্ন চিহ্ন ব্যবহার করত। কোনো কোনো জায়গায় এ পাথরের টুকরোগুলোকে তারা কৌটায় ভরে রাখত, আবার কোনো কোনো জায়গায় সেগুলোকে সুতায় গেঁথে রাখত।কেউ যেন পাথরের সংখ্যা নিয়ে এদিক-সেদিক না করতে পারে, সে জন্য তারা একটা অভিনব উপায় খুঁজে বের করল। যে কৌটার ভেতর পাথরগুলোকে রাখা হবে, সেটাকে আগুনে পুড়িয়ে শক্ত করে নেওয়ার আগে তার গায়ে, ভেতরের পাথরগুলোর গায়ে থাকা চিহ্নগুলোর ছাপ বসিয়ে নিত। এরপর কৌটার ভেতর পাথরগুলো রেখে সেটার মুখ বন্ধ করে কাঁচা মাটির কৌটাটি পুড়িয়ে নেওয়া হতো। পোড়ামাটির গায়ে থেকে যেত ভেতর থাকা পাথরের চিহ্ন। পরবর্তী সময়ে সেই কৌটা আর তেমন খোলার দরকার হয়নি। মাটির কৌটার গায়ে বসানো ওই চিহ্নগুলোই হয়ে থাকল পৃথিবীর প্রথম লিখিত সংখ্যা।স্থায়ী গণনার জন্য যেহেতু চিহ্নগুলোই যথেষ্ট, ধীরে ধীরে পাথর কৌটার প্রথাটি উঠে যেতে লাগল। বরং মাটির বড় বড় টুকরায় দাগ দিয়ে দিয়ে গণনার কাজ করে সেটাকে আগুনে পুড়িয়ে স্থায়ী করে নেওয়া। এখান থেকেই মেসোপটেমিয়ার বিখ্যাত ক্লে ট্যাবলেটগুলোর যাত্রা শুরু। সেখানেই আমরা পাই পৃথিবীর প্রথম স্থানীয় মানভিত্তিক সংখ্যাব্যবস্থা, ব্যাবিলনের ষাটভিত্তিক সংখ্যাব্যবস্থা। তবে, এটা কিন্তু হুট করে এক দিনে হয়নি। পাথর কৌটা ব্যবহারের ধারণাটি খ্রিষ্টপূর্ব আট হাজার সালের, আর এটার বদলে আসা মাটির ট্যাবলেটে (clay tablet) ট্যালি দিয়ে গুনে রাখার প্রচলন খ্রিষ্টপূর্ব ২৭০০-২০০০-এর দিকে। প্রায় ছয় হাজার বছর ধরে সুমেরুর লোকজন এই পদ্ধতিতে গণনা করার কাজটি করেছে। আমাদের আধুনিক সংখ্যাব্যবস্থাটি কিন্তু এখনো ২০০০ বছরেও পা দেয়নি।