সংবাদ ও খেলাধুলার ওয়েবসাইটে নিরাপত্তা কম
সংবাদ ও খেলাধুলাবিষয়ক ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ধাপ একেবারে নিচের দিকে—এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বিভিন্ন শিল্প খাতের শীর্ষ ৫০০টি ওয়েবসাইটের নিরাপত্তাব্যবস্থা নিয়ে একদল সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সম্প্রতি গবেষণা চালিয়েছেন। গবেষণার তথ্যমতে, ১০ শতাংশেরও কম সংবাদ ও খেলাধুলাবিষয়ক ওয়েবসাইট এইচটিটিপিএস ও টিএলএসের মতো মৌলিক নিরাপত্তা প্রটোকল ব্যবহার করে। আর যারা ব্যবহার করছে, তারাও অনেক সময় সবচেয়ে শক্তিশালী এবং সর্বশেষ হালনাগাদ হওয়া প্রটোকল ব্যবহার করছে না।
জার্নাল অব সাইবার সিকিউরিটি টেকনোলজিতে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, কম্পিউটার ও প্রযুক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা সবচেয়ে বেশি। সে তুলনায় কেনাকাটা, গেমিং ওয়েবসাইটগুলোতে নিরাপত্তা কম রয়েছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারের অধ্যাপক অ্যালান উডওয়ার্ড এ গবেষণা সম্পর্কে বলেন, জরিপ করা আর্থিক ওয়েবসাইটগুলোর প্রতিটিতেই নিরাপত্তামূলক এনক্রিপটেড লিংক ছিল।
অন্যদিকে গবেষণায় থাকা কেনাকাটার ওয়েবসাইটগুলোর মধ্যে এক-চতুর্থাংশ টিএলএস ব্যবহার করে। আর সংবাদ ও খেলাধুলাবিষয়ক ওয়েবসাইটগুলোর মধ্যে ৮ শতাংশ ওয়েবসাইটকে এই প্রটোকল ব্যবহার করতে দেখা গেছে। টিএলএস হচ্ছে ডিজিটাল সনদযুক্ত টুল, দূরবর্তী পাসওয়ার্ড এবং একটি ওয়েবসাইট ও এতে প্রবেশকারীদের মধ্যে ট্রাফিক এনক্রিপ্ট করে।
সূত্র: বিবিসি