সংবাদ পাঠে রোবট

বিশ্বের ‘প্রথম রোবট সংবাদপাঠক’ তৈরি করেছেন জাপানের একদল গবেষক৷ ‘কডোমোরয়েড’ নামের রোবটটি (অ্যান্ড্রয়েড) অবিকল একজন নারীর মতো দেখতে৷ এটি কথা বলার নানা কলাকৌশলে পারদর্শী৷ এ ছাড়া এর রসিকতাবোধও আছে৷
‘কডোমোরয়েড’ সম্প্রতি টোকিওতে এক সংবাদ সম্মেলনে দুটি প্রতিবেদন (ভূমিকম্প ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অভিযানের ওপর) পড়ে শোনায়৷ এ সময় রোবটটি তার স্রষ্টা গবেষক হিরোশি ইিশগুরোকে নিয়ে কৌতুকও করে৷ রোবটটি ভবিষ্যতে নিজের একটি টেলিভিশন অনুষ্ঠান করার কথা জানায়৷ সম্মেলনে আরও কয়েকটি রোবট প্রদর্শন করা হয়, যার একটির নাম ‘ওটোনোরয়েড’৷ মানবসদৃশ এ রোবটও কথা বলতে পারে৷
গবেষকেরা বলেন, দুটি রোবটকেই টোকিওর ন্যাশনাল মিউজিয়াম অব অ্যামেজিং সায়েন্স অ্যান্ড ইনোভেশনে কাজে লাগানো হবে৷ তারা ওই জাদুঘরের দর্শনার্থীদের সংস্পর্শে থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে৷ এসব তথ্যের ভিত্তিতে রোবটের প্রতি মানুষের আচরণ নিয়ে গবেষণা করা হবে, যা রোবটের বুদ্ধিমতা বাড়াতে কাজে লাগবে৷
হিরোসি ইসিগুরো বলেন, ভবিষ্যতে মানুষের জীবনের নানা ক্ষেত্রে রোবট ব্যবহার করতে হবে৷ এ কারণে মানুষের জীবন আরও সহজ হয়ে উঠবে৷
ইশিগুরোর রয়েছে নিজের অনুরূপ একটি রোবট৷ এটি তাঁর বদলে বিভিন্ন স্থানে গিয়ে বক্তৃতা করতে পারে৷ ইশিগুরো বলেন, রোবটটি তাঁকে যাতায়াতের ধকল থেকে বাঁচিয়ে দেয়৷ প্রযুক্তির অগ্রগতির ফলে রোবটেরা অবয়ব ও কাজে দিনে দিনে আরও বেশি মানুষের মতো হয়ে ওঠছে৷ এতে মানুষকেই নিজের গুরুত্ব সম্পর্কে নতুন করে ভাবতে হচ্ছে৷ কথা বলতে সক্ষম একটি রোবটের বাজারমূল্য দুই হাজার মার্কিন ডলার৷ ভালো একটি ল্যাপটপ কিনতে গেলেও প্রায় একই দাম দিতে হয়৷ ব্যাপারটা রীতিমতো অবিশ্বাস্য৷ সূত্র: এএফপি|