সংবাদও দেবে টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে নিউজ ট্যাবে এভাবে পাওয়া যাবে সংবাদ
টুইটারে নিউজ ট্যাবে এভাবে পাওয়া যাবে সংবাদ

খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে এবার যুক্ত হয়েছে ‘নিউজ ট্যাব’। টুইটার ব্যবহারকারীদের সর্বশেষ ঘটে যাওয়া সংবাদ দ্রুত পাওয়ার সুবিধার্থে এ বাড়তি ট্যাবটি চালু করেছে টুইটার কর্তৃপক্ষ। 

বিভিন্ন সময়ে ব্যবহারকারীদের নতুন বৈশিষ্ট্যের অভিজ্ঞতা দিতে নানা ধরনের বিষয় নিয়ে কাজ করে থাকে টুইটার। নতুন এ ট্যাবটি তারই একটি অংশ বলে জানা গেছে। মূলত টুইটার অ্যাপেই এই সুবিধাটি আগে পাবেন ব্যবহারকারীরা। টুইটারের আইওএস এবং অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীরা পরবর্তী হালনাগাদ থেকেই নতুন এ ট্যাবটির দেখা পাবেন। বর্তমানে জাপানের টুইটার ব্যবহারকারীরা সেবাটি পেতে শুরু করেছেন।
টুইটার অনুমোদিত সংবাদ প্রকাশকসহ সংবাদ সংস্থাগুলোর সর্বশেষ হালনাগাদ খবর দ্রুত এবং সহজে ওই ট্যাবের সাহায্যে পাবেন ব্যবহারকারীরা। এমনিতেই টুইটারে বিভিন্ন সংবাদ পরিবেশক, প্রকাশকসহ বিশ্বখ্যাত বিভিন্ন সংস্থার সংবাদ খুব দ্রুততার সঙ্গে প্রকাশিত হয়। তবে নানা ধরনের টুইটের ভিড়ে মূল সংবাদগুলো পেতে বেশ বেগ পেতে হয় ব্যবহারকারীদের। আর তাই এবার শুধু সংবাদের জন্য বিশেষ এ ট্যাবটি চালু হলো।
টুইটারের প্রতিষ্ঠাতা এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরসি জানান, ‘পণ্যের নানা ধরনের সেবার বিষয়গুলোর দিকে বর্তমানে আমরা বেশি জোর দিচ্ছি। যাতে করে নির্দিষ্ট বিষয়ভিত্তিক সেবাগুলো ব্যবহারকারীরা দ্রুত এবং সহজে পেতে পারে।’
নতুন ট্যাবটি যাঁরা একেবারে নতুন টুইটার ব্যবহার শুরু করবেন বা করছেন তাঁদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে বলে মন্তব্য করেছেন জ্যাক। নানা ধরনের সেবা বাড়ানোর ব্যাপারে বেশ উদ্যোগী হলেও কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক শেয়ার বিপর্যয়ের মধ্যে আছে টুইটার। গতকাল টুইটারের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে যা টুইটারের শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে কমের রেকর্ড। তবে টুইটার কর্তৃপক্ষের দাবি, শেয়ারবাজারের এ সাময়িক বিপর্যয় খুব শিগগিরই কেটে যাবে। 
নেক্সট ওয়েব