সংবাদপাঠক বনাম প্রতিবেদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

: হ্যালো ইদ্রিস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
: এক্সকিউজ মি! ইদ্রিস মানে? আমার নাম ধরে ডাকার সাহস আপনাকে কে দিল? আমি আপনার এক মাস আগে চাকরিতে জয়েন করেছি। সেই হিসেবে আমি আপনার সিনিয়র। অতএব সম্বোধনে আদব-লেহাজ বজায় রাখুন। ইদ্রিস ভাই বলুন, ইদ্রিস ভাই।
: দেখুন ইদ্রিস, এখানে কিন্তু ‘ভাই’ বলার নিয়ম নেই।
: ভাই বলার নিয়ম নেই তো কী বলার নিয়ম আছে? চাচা? কেন, আমি আপনার এক মাসের সিনিয়র বলে কি আমাকে এতটাই বয়োজ্যেষ্ঠ লাগে যে ‘চাচা’ ডাকতে হবে?
: দেখুন, আমি কিন্তু একবারও বলিনি আপনাকে ‘চাচা’ ডাকব। কারণ, চাচা ডাকটা আমার পছন্দ নয়। আমি নরমালি ‘আংকেল’ ডাকি। যাহোক, আমাকে বলুন আপনি যেখানে আছেন, সেখানকার পরিস্থিতি কী।
: আপনাকে বলব কেন? আপনি কে? আপনি কি মালিকপক্ষের কেউ? না তো! তাহলে আপনি আমাকে অর্ডারের সুরে কথা বলছেন কোন সাহসে?
: ঠিক আছে, আমাকে বলতে না চাইলে দর্শকদের বলুন।
: দর্শক, আমি যেখানে আছি, সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। গরমে হাঁপাতে হাঁপাতে আমার বড় জিব তো বের হয়ে গেছেই, ছোট জিব মানে আলজিবও বের হয়ে যাওয়ার উপক্রম।
: মিস্টার ইদ্রিস, আপনি কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলছেন।
: আছেন তো এসির মধ্যে! তাই বোঝেন না গরম কারে কয়। আসেন এখানে। কয়েক মিনিট অবস্থান করলে আপনার মুখ দিয়ে বাতাস ছাড়া কিছু বের হবে না। কথা তো দূরের কথা। তো দর্শক, যা বলছিলাম। আমি যেখানে আছি, সেখানকার পরিস্থিতি একটু বেশিই খারাপ। একটু পর পর মশা কামড়াচ্ছে। কিন্তু জোরে থাপড় দিয়ে যে মারব, সেই উপায় নেই। কারণ, আমার হাতের মাইক্রোফোনের সাউন্ড সিস্টেম এতই উন্নত যে থাপ্পড়ের আওয়াজ মনে হবে ঠাডা, অর্থাৎ বজ্রপাতের আওয়াজ!
: মিস্টার ইদ্রিস, আপনি কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলেই যাচ্ছেন।
: দেখেন, ননস্টপ কথা বলে যাওয়ার জন্য যোগ্যতা লাগে। অনেক রিপোর্টার আছে, কথাই বলতে পারে না। অ্যা...অ্যা..অ্যা করতে থাকে। আমি যেহেতু অ্যা অ্যা না করে ভালোভাবে কথা বলে যেতে পারছি। অতএব আপনাকে বুঝতে হবে আমি আঙুল ফুলে রিপোর্টার হয়ে যাইনি।
: খুব ভালো। এখন আমাকে বলুন, আপনি যেখানে আছেন, সেখানকার কারও সঙ্গে কি কথা বলতে পেরেছেন?
: কেন কথা বলতে পারব না? আমি কি মানুষের সঙ্গে কথা বলতে জানি না? আপনার কি আমাকে খ্যাত মনে হয়?
: তাঁরা কী বললেন?
: তাঁরা বললেন, আমার কথা বলার স্টাইল খুবই ভালো। উচ্চারণ স্পষ্ট। বাচনভঙ্গি চমত্কার। দেখতেও নাকি হ্যান্ডসাম...
: দেখুন মিস্টার ইদ্রিস, আপনি যদি অপ্রাসঙ্গিক কথাবার্তা বন্ধ না করেন, আমি কিন্তু লাইন কেটে দেব।
: দেখেন, হুমকি দিয়েন না। ‘ঈদের পরে তীব্র আন্দোলন’ টাইপের হুমকিতেই কিছু হইল না, আর উনি দেন লাইন কাটার হুমকি। আজাইরা! হ্যালো, হ্যালো, হ্যালো...
: টুউট টুউট টুউট! (ফোনের লাইন কেটে যাওয়ার শব্দ)