সংলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংলাপ
সংলাপ

আসিফ মেহ্দী
বলো সংলাপ—
বলো বৃথা আমি ছাড়া লাফ-ঝাঁপ!
চেহারা দেখিয়া আমারি, নত-শির মানসিক চাপ!
বলো সংলাপ—
বলো কারখানা থেকে পুলিশ ফাঁড়ি,
দেশ থেকে জাতিসংঘ ছাড়ি,
ভূলোক দ্যুলোক গোলক টেবিলে,
গ্যাস বিদ্যুৎ পানির পে-বিলে,
উঠিয়াছি চির-বিস্ময় আমি রাফ অতঃপর টাফ!
মম কাছে পোনা নিউটনি বল আর প্যাসকেলি চাপ!
বলো সংলাপ—
বৃথা আমি ছাড়া লাফ-ঝাঁপ!

আমি চিরসমাধান, পেস্তাবাদাম-পোলাও,
মহাসংঘাত আমি ফুঁতে উড়াই, গুঁড়াই গুলি ও গোলাও,
আমি সল্যুশন, ইভোলিউশন খাপেখাপ!
আমি সবার—
আমি এ কথা বলব ক’বার?
আমি দেশ নিয়ে করি চিন্তা,
আমি চুলাচুলি আর মারামারি করে নাচি না তা ধিন ধিন তা!
আমি মেনে চলি ঠিক লাইন,
আমি না থাকিলে মিটমাট ফেলে ইটপাটকেলে
থাকে না দেশেতে আইন!
আমি আসিতে কেন করিতে হইবে টেলিফোন?
আমি শান্তিপূর্ণ সমাধানের—
মামা-চাচা-খালা-ছোট বোন!
বলো সংলাপ—
বৃথা আমি ছাড়া লাফ-ঝাঁপ!

আমি ভ্যাকসিন, আমি মেডিসিন,
আমার অভাবে নেমে আসে ঘোর দুর্দিন!
আমি পেন্ডুলামের ছন্দ,
আমি না থাকিলে ‘কেমিক্যাল বোমা’-‘ককটেল’ আনে দ্বন্দ্ব।
আমি উত্তম, আমি মধ্যম, আমি দুই পোল,
আমি রুখে দেই যত ধামকি-ধমকি,
হুঁশিয়ারি শুনে কিছুটা চমকি
মিটাইয়া ফেলি তালগোল!
আমি চপলা-চপল হিন্দোল!
আমি তাই করি ভাই, চাহে এই জনগণ যা,
করি গোলাগুলি ছেড়ে কোলাকুলি, লড়ি যুক্তির সাথে পাঞ্জা,
আমি মুক্তি, রুখি ঝঞ্ঝা!
আমি সম্প্র্রীতি, আমি গীতি এ ধরিত্রীর।
আমি বাসন-কোসন-সংসার, আমি পারফেক্ট বীর।
বলো সংলাপ—
বৃথা আমি ছাড়া লাফ-ঝাঁপ!

[কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা অবলম্বনে]