সংলাপে নারী উদ্যোক্তাদের আইসিটি-বান্ধব হওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) কার্যকর ও উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে নারী উদ্যোক্তাদের জন্য নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগের বিকাশ ঘটতে পারে। একই সঙ্গে আইসিটির সঠিক ব্যবহার তাদের বর্তমান ব্যবসাকেও বাড়িয়ে দিতে পারে। এ জন্য নারী উদ্যোক্তাদের বেশি বেশি করে আইসিটি-বান্ধব হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার ঢাকার ডেইলি স্টার সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংলাপে বক্তারা এই অভিমত জানান। 

‘ডায়ালগ অন প্রমোটিং আইসিটি অপরচুনিটিজ ফর ওম্যান এন্ট্রাপ্রেনিউর’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে ঢাকার এশিয়া ফাউন্ডেশন। সংলাপে সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ওম্যান চেম্বারের প্রতিনিধি, নতুন নারী উদ্যোক্তা এবং এশিয়া ফাউন্ডেশনের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ভেরোনিকা সালজে লোজেক, সংস্থার অর্থনৈতিক উন্নয়ন বিভাগের সহযোগী পরিচালক সৈয়দ আল-মুতী প্রমুখ অংশগ্রহণ করেন।
ভেরোনিকা সালজে লোপেজ এশিয়া ফাউন্ডেশনের গবেষণা উল্লেখ করে জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারী উদ্যোক্তারা নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুললে তাঁদের সফলতার হার ৪০ শতাংশ বাড়ে।
বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের প্রধান ওয়াহিদা নাজনীন জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব ব্যাংকের প্রতিটি শাখায় তিনজন নারী উদ্যোক্তাকে সম্পৃক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে। তিনি আশা করেন, এর মাধ্যমে বছরে নতুন নয় হাজার নারী উদ্যোক্তা এসএমই ঋণের আওতায় আসবেন।
অংশগ্রহণকারী আইসিটি নারী উদ্যোক্তারা ইউটিউব, ফেসবুক ইত্যাদি ব্যবহারের মাধ্যমে তাঁদের ব্যবসার সাফল্যের কথা তুলে ধরেন। সরকারের আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব তাঁর বিভাগের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বলেন, আইসিটির ব্যবহারের মাধ্যমে নারীদের পক্ষে এখন আইসিটি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা সহজ হয়েছে। চট্টগ্রাম উইমেন চেম্বারের সহসভাপতি আইভি হাসান ঢাকার বাইরে নারী উদ্যোক্তাদের জন্য আইসিটিভিত্তিক প্রশিক্ষণকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় নারী উদ্যোক্তাদের ব্যাংকের ঋণপ্রাপ্তি সহজ করার অনুরোধ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ও নীতিবিষয়ক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবু ইউসুফের সঞ্চালনায় সংলাপে আরও বক্তব্য দেন নারী উদ্যোক্তা ফারহানা এ রহমান, তানিয়া ওয়াহাব, মাকসুদা আজিজসহ অনেকে।
সংলাপে জানা যায়, দেশের সাতটি বিভাগের নারী উদ্যোক্তাদের আইসিটিবিষয়ক সহায়তা প্রদানের জন্য এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে একটি প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে।