সংসারে সুখের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার করা থেকে শুরু করে গোছানো, বাজার-খরচ, বাগান পরিচর্যা—ঘরের যাবতীয় টুকিটাকি কাজকর্মকে অবহেলা করার সুযোগ নেই৷ স্বামী ও স্ত্রী উভয়কেই এ ধরনের কাজ ভাগাভাগি করে নিতে হবে৷ কারণ, পারস্পরিক সহযোগিতার ওপরই নির্ভর করছে সংসারের সুখ৷ যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন৷
নববিবাহিত ২২০ জন নারী-পুরুষের বিশ্বাস, আচরণ ও বৈবাহিক যোগ্যতা নিয়ে একটি জরিপ করেছেন ওই গবেষকেরা৷ তাঁদের মতে, সাংসারিক কাজকর্ম সমানভাবে ভাগাভাগি করে নেওয়া উচিত৷ স্বামী-স্ত্রী যখন বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করেন, তখনই সংসারের সর্বোচ্চ সুখ নিশ্চিত হয়৷ এ ব্যাপারে দুজনের মতৈক্য না হলে, সুখ দীর্ঘস্থায়ী হয় না৷
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মানব উন্নয়ন ও পরিবার অধ্যয়ন বিভাগের অধ্যাপক ব্রায়ান জি ওগলস্কি বলেন, সন্তানের আগমন শুরু হওয়ার পর থেকে ঘরোয়া কাজকর্ম নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধ দেখা দিতে থাকে৷ তাই নববিবাহিত নারী-পুরুষকে বাস্তব জীবনে ঘরোয়া কাজকর্মের ব্যাপারে নিজেদের প্রত্যাশা পূরণের জন্য সুচিন্তিত পরিকল্পনা করে নিতে হবে৷ ঘরের ভেতরেও লৈঙ্গিক সাম্যের বিষয়টি গুরুত্ব দিতে হবে৷ বিয়ের প্রথম দুই বছরের মধ্যেই এসব বিষয় চূড়ান্ত করে নেওয়া ভালো৷ এএনআই৷