
: পীর বংশের পোলা...যা কইছি তা-ই অইব।
: ওরে ফুর্তি!
এই সংলাপগুলো আমাকে নিত্যদিন শুনতে হয়—প্রায় মুখস্থ। কোন মুহূর্তে, কোন কথাটা বলবে, আগেই টের পাই। সে আমার সখা—কনক আদিত্য। কেউ জানে আমরা ভাই, আর আমরা জানি যমজ বন্ধু। ১৯৯৪ সালে চারুকলায় আমাদের একসঙ্গে হাত ধরা, পথচলা। অনেক চড়াই-উতরাই পেরিয়েছি আমরা, হাতটা ধরাই ছিল, ধরাই থাকে। অহর্নিশ, সারা বেলা। ‘কঙ্কা’-বলেই তারে আমি ডাকি আর ওর দুনিয়ায় আমি? একটা পাখি।
:...হু...
:...নাহ্!
এ আবার অন্য প্রকৃৃতির মানুষ। অন্য প্রকৃতির মানুষ না বলে তাকে ‘প্রকৃতি’ বলা যায়। সে আমার সখী—ইশরাত জাহান।
মিতভাষী-মিঠা হাসির মানুষটাকেও কুড়িয়ে পাই চারুকলার প্রথম ক্লাসে। দিঘল চুলের মায়ামুখ মেয়েটি ফুল কুড়াচ্ছিল আপন মনে। অনেকের মধ্যে তারে আলাদাভাবেই চেনা যায়। তার কথা বলা, হেঁটে চলা, তাকানো—সবই শান্ত আর গভীর। আদর করে কঙ্কা ওরে ডাকে ‘টুটুন’ বলে। আর আমি ডাকি ‘উকুন’। হেসে ইশরাত উত্তর দেয়—
: প্রিয় মানুষের দেওয়া যেকোনো নামই ভালো লাগে...
আঁকাআঁকির ছুতোয় দুজন পাশাপাশি হাঁটত, পড়ত ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে। কে যে কাকে আঁকার খাতায় আঁক দেওয়ার ছলে টেনে নিয়ে যেত বুঝতাম না। শুধু জানতাম, তারা ভালো বন্ধু। প্রায়ই কনককে দেখতাম চৌধুরীবাজারে ইশরাতকে নামিয়ে দিয়ে আসতে। এক দিন-দুদিন করে ওদের সখ্য আরও গাঢ় হয়। আউলা চুলের বাউলা মানুষটা একদিন দিঘল চুলের প্রকৃতিকন্যাকে নিয়ে ঘরে ফেরে। নিজেদের ঘর—টোনাটুনির সংসার। ঘর বাঁধার স্বপ্ন ওদের সব সময়—তাই তো ঢাকার অদূরে নতুন ঠিকানা বেঁধেছে ওরা, ইট-সিমেন্টের বদলে কাঠ-বাঁশ আর লতাপাতায় ঘেরা শান্তির নীড়। টোনাটুনির বাসায় এই কয় বছরে দুজন অতিথিও এসেছে, ওদের সন্তান ধিয়ানগিরি আর নীলাবতী। আনন্দে ঝলমল ওদের বাড়ি। গলায় গামছা ঝুলিয়ে, পাঞ্জাবি কিংবা হাতাকাটা ফতুয়া আর জিনসের সঙ্গে লাল ফিতার চপ্পল পায়ে কনক আদিত্য হেঁটে চলে, দুলে দুলে—হাওয়ায় হাওয়ায়। শৈশব কেটেছে দোহারের মুকসুদপুরে, আদিবাড়ি মানিকগঞ্জের জামশা গ্রামে। বেড়ে ওঠা গ্রাম-শহর মিলিয়ে বলেই হয়তো প্রকৃতির আচার-আচরণ খুব ভালো বুঝতে পারে কনক। সহজ কথা আর সরল পথে হাঁটা ওর অভ্যাস। কিন্তু ডিজাইনার কনকের কাজে ‘জিলাপির প্যাঁচ’ আসবেই। বড় উদাহরণ ‘দেশাল’-এর লোগো। ডিজাইনে কনক সহজাতপ্রবণ, কিন্তু কী করতে চায়, তা আগেই এঁকে নেয় পেনসিলে। এই দীর্ঘ সময়ে কখনো ওকে হতাশ হতে দেখিনি। চরম দুর্দিনেও টগবগে তাজা যুবা, জীবনানন্দের কবিতা পড়ে, আড্ডায় গলা ছেড়ে গান গায়—‘জলের গান-এর প্রাণ ভোমরা’ ভীষণ বন্ধুবৎসল মানুষটি কাদামাটির মতো নরম আর পাথরের মতো শক্ত। মাটি, মাটির রং-পাথরের খড়খড়ে আবরণ ওর নকশায় দেখেছি। ওর টাইপোগ্রাফি ভালো বলে শুধু হরফের মালা গেঁথে অসাধারণ সব নকশা বানাতে দেখেছি। গয়নার বাক্স খুললেই বেরিয়ে আসার কথা হীরা-মুক্তা-মানিক, কিন্তু তার বদলে যদি সেখানে থাকে পুঁতির মালা, নানা রঙের বীজের মালা, হরেক রঙের পাতায় কানের দুল কিংবা শুকনো ফুলের লহর! বুঝতে হবে, ওটা ইশরাতের গয়নার বাক্স। বেলি ফুলের দুল কিংবা ঝুমকোলতার টিকলি ওকেই বেশি মানায়, তাই তাকে প্রকৃতিকন্যা বলি। লালবাগের চৌধুরীবাজারে জন্ম ও বেড়ে ওঠা ইশরাতের প্রকৃতির প্রতি অগাধ ভালোবাসা। এই ভালোবাসা প্রতিনিয়ত প্রকাশ পায় তার নকশায়। নানা রং আর সুই-সুতার কাজে তার নকশায় কখনো জেগে ওঠে পাতার শিরা-উপশিরা, আবার কখনো ভেসে ওঠে ঝরা পালকের কথকতা। কৃষ্ণচূড়ার পাপড়িরা জামায় লেপটে থাকে ইশরাতের আঙুল ইশারায়।
পোশাকসচেতন মানুষ দুটি একসময় স্বপ্ন দেখে, তারা পোশাক বানাবে। সেই পোশাক পরে হেঁটে যাবে মানুষ-চলমান ক্যানভাস। আমিও শামিল হই, তাদের সঙ্গে গড়ে ওঠে দেশাল, দেশের মানুষকে কম দামে নান্দনিক পোশাক পরাবে বলে। নয় বছর আগে তরুণ-তরুণীরা লুফে নেয় দেশালের নান্দনিক নকশার কাপড়গুলো। আজও দেশালের চট্টগ্রাম মিলিয়ে নয়টি আউটলেট তার প্রমাণ। এই দেশাল গড়ে ওঠার পেছনের আরেক কারিগর ‘ওস্তাদ’ সবুজ সিদ্দিকী। মনে পড়ে দেশালের প্রথম শোরুমটি ছিল ১০ বর্গফুটের। অর্থ ছিল না বলে রং করতে পারিনি—পুরোনো খবরের কাগজ লেপটে দিয়েছিলাম দেয়ালে। এখনো দেশালের সব কটি শোরুমের দেয়ালে লেপটে আছে পুরোনো খবরের কাগজ, লেপটে আছি আমি। কারণ, পয়সা বাঁচানোর ওই ভাবনা আমার ছিল। এভাবেই লেপটে থাকতে চাই আমার সখা আর সখীর জীবনে। পাখির চোখে দেখে যাই তাদের বৃদ্ধি, হাতে হাত রেখে পথচলা। ‘আমার বসত অন্ধকারে, তোরা থাকিস ভালো’।