সঙ্গীর প্রতি নারীই বেশি সহানুভূতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মমতাময়ী হিসেবে নারীর পরিচিতি বেশ পুরোনো। সঙ্গীর প্রতি সহানুভূতি পুরুষের চেয়ে নারীর মধ্যেই বেশি থাকে। বিষয়টি এবার বড় পরিসরের এক গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী।
কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ফ্রিজটার্স এবং গ্রিফিথ হেলথ ইনস্টিটিউটের ফলিত স্বাস্থ্য অর্থনীতি গবেষক সিন্ডি মার্ভিন ওই গবেষণায় নেতৃত্ব দেন। তাঁরা দেখতে পান, সঙ্গী বা বন্ধুর অসুস্থতা বা মৃত্যুতে নারীদের মধ্যে বেশি প্রতিক্রিয়া দেখা যায়। সেই তুলনায় পুরুষদের মধ্যে প্রিয়জনের জীবনের নেতিবাচক ঘটনার প্রভাব কম হয়ে থাকে।
নারীর সহানুভূতির মাত্রা পুরুষের তুলনায় অনেক বেশি। মার্ভিন বলেন, তাঁদের গবেষণার মানে এই নয় যে পুরুষেরা একেবারেই নিরাবেগ বা অন্যের ব্যাপারে যত্নহীন। বিভিন্ন ঘটনায় তাদের মধ্যেও বড় রকমের প্রভাব পড়ে। কিন্তু তারা সঙ্গীদের তুলনায় খুব বেশি আবেগপ্রবণ নয়।
ফ্রিজটার্স বলেন, অন্যের আনন্দ বা যন্ত্রণার ফলে পুরুষের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা তাঁরা পর্যবেক্ষণ করেছেন। পরিবারের কোনো সদস্য বা প্রতিবেশীর জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনায় পুরুষের ওপর নেতিবাচক মানসিক আঘাত তুলনামূলক কম পড়ে।
গবেষণায় অস্ট্রেলিয়ার হাউসহোল্ড, ইনকাম অ্যান্ড লেবার ডাইনামিকসের (এইচআইএলডিএ) তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। অস্ট্রেলিয়ার ২০ হাজার মানুষের মানসিক স্বাস্থ্য এবং সঙ্গীর জীবনের ঘটনাপ্রবাহে তাদের মানসিক পরিবর্তন প্রভৃতি বিষয়ের তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
ফ্রিজটার্স আরও বলেন, সঙ্গী বা সঙ্গিনীর জীবনের দুর্ঘটনাজনিত কারণে পাওয়া নেতিবাচক আঘাতের ফলে মা-বাবাদের ওপর বেশি প্রভাব পড়ে। পিটিআই।