
‘বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে প্রচারিত “বিচিত্রা” অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি প্রিয়াংকা গুপ্তা।’ যাঁরা নিয়মিত এফএম ৮৮.৮ টিউন করেন, তাঁদের কাছে অনুষ্ঠানটির উপস্থাপক প্রিয়াংকার ভরাট এ কণ্ঠের সঙ্গে নিশ্চয়ই পরিচয় রয়েছে। বিচিত্রা ছাড়াও তিনি বেতারের বিভিন্ন অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক ও ঘোষক।
প্রিয়াংকা পড়াশোনা করছেন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের পরিসংখ্যান বিভাগে। প্রিয়াংকা কেবল উপস্থাপনা নয়, বরং গান ও অভিনয়ের সফল শিল্পী হিসেবেও পরিচিত।
পারিবারিক ঐতিহ্যের সূত্রে ছোটবেলা থেকেই প্রিয়াংকা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। মা মৃদুলা গুপ্তা একজন গুণী কীর্তনশিল্পী। তাঁর কাছেই সংগীতে হাতেখড়ি লাভ করেন। বড় ভাই রজতকান্তি গুপ্ত সিলেটের নাট্যাঙ্গনের পরিচিত মুখ। তাঁর হাত ধরে অভিনয়ে প্রবেশ করেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। তাঁদের বাসা সিলেট নগরের জামতলা এলাকায়।
২০০২ সালে জাতীয় পর্যায়ে শাপলাকুঁড়ি প্রতিযোগিতায় প্রিয়াংকা দেশাত্মবোধক গান এবং লোকসংগীতে অংশগ্রহণ করে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০০৩ সালে নতুন কুঁড়ি প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ে ছড়াগান ও আঞ্চলিক গানে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। ছোটবেলার এসব সাফল্য নিজের ঝুলিতে নিয়ে কলেজ ক্যাম্পাসসহ সিলেটের বিভিন্ন মঞ্চে এখনো তাঁর সরব পদচারণ রয়েছে।
প্রিয়াংকা বর্তমানে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নজরুলসংগীতের তালিকাভুক্ত শিল্পী। নজরুলসংগীতের পাশাপাশি সিলেটের প্রচলিত ও জনপ্রিয় লোকসংগীত পরিবেশন তাঁর পছন্দের তালিকায় রয়েছে। ২০১১ সাল থেকে বেতারের অনুষ্ঠানে ঘোষক হিসেবে কাজ করছেন।
তিনি নাট্য সংগঠন নাট্যমঞ্চের সদস্য হিসেবে রঙ্গমালা ও কালান্তর নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান। কেবল মঞ্চনাটকই নয়, পথনাটকেও রয়েছে তাঁর দক্ষ পদচারণ। ভালো অভিনয়ের কারণেই ডাক পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ক্যাম্পাসভিত্তিক মঞ্চনাটকে। এমসি কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিকথন নাটকের আবহ সংগীতে অংশ নেন তিনি।
সাংস্কৃতিক চর্চার পাশাপাশি পড়াশোনায়ও প্রিয়াংকা মেধার স্বাক্ষর রেখেছেন। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক এবং মদনমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। বিজ্ঞান বিভাগের ছাত্রী হিসেবে উভয় পরীক্ষায় ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হন।
প্রিয়াংকা গুপ্তা বলেন, ‘ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে চাই। সেই সঙ্গে একজন সফল সংবাদ উপস্থাপক হিসেবে জাতীয় পর্যায়ে কাজ করতে চাই। ভালো নজরুলসংগীত শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য নিরন্তর সংগীতসাধনা করতে চাই।’