সচল হলো আউটলুক ডট কম
তিন দিন অচল থাকার পর অবশেষে চালু হয়েছে আউটলুক ডট কম (www.outlook.com)। এ সময়ের মধ্যে গ্রাহকেরা বিনা মূল্যের এ ই-মেইলসেবা ব্যবহার করতে না পারায় ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে মাইক্রোসফট। এক বার্তায় আনুষ্ঠানিকভাবে মাইক্রোসফট জানায়, ই-মেইল সেবাটি আবার পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করেছে। এখন আর ব্যবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও জানানো হয়। তবে এখনো অনেক গ্রাহক আউটলুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে।
হঠাৎ করেই আউটলুক ডট কমে সমস্যা দেখা দেয়, যে কারণে এ সেবা ব্যবহার করতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। মাইক্রোসফটের সব কনটেন্ট, ই-মেইল, ক্যালেন্ডার ইত্যাদি সাধারণত স্বয়ংক্রিয়ভাবে সিনক্রোনাইজ হয়ে মাইক্রোসফটের এক্সচেঞ্জ সার্ভারে জমা হয়। এ সিনক্রোনাইজড কার্যক্রমটি পরিচালিত হয় এক্সচেঞ্জ অ্যাকটিভসিংক (ইএএস) নামের একটি সেবার মাধ্যমে। সম্প্রতি হঠাৎ করে এ ইএএস সেবাটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল হয়ে পড়ে আউটলুক ডট কম। এ কারণে আউটলুকের পাশাপাশি স্কাইড্রাইভেও সমস্যা দেখা দেয়। —দ্য নেক্সট ওয়েব অবলম্বনে কাজী আলম