সত্যেন বোস ও কাজী মোতাহার হোসেনকে নিয়ে প্রামাণ্যচিত্র ও বই
রাজধানীর পরমাণু শক্তি কেন্দ্রের মিলনায়তনে ৯ এপ্রিল বাঙালি বিজ্ঞানী সত্যেন বোস ও ড. কাজী মোতাহার হোসেনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দেশে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞানমনস্কতার প্রসার ঘটাতে সংস্কৃতির সঙ্গে বিজ্ঞানের সংযোগ বাড়াতে হবে। একজন প্রকৌশলী, চিকিৎসক, বিজ্ঞানী সংগীতচর্চা করতে পারবেন না, ছবি আঁকবেন না এটা যেমন কাম্য নয়, তেমনি মানবিক শাখায় যাঁরা পড়েছেন, তাঁরা বিজ্ঞানের কিছুই জানবেন না, তা হতে পারে না।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (প্রকৌশল) মঞ্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছায়ানটের সন্জীদা খাতুন এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান নঈম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই সত্যেন বোস ও কাজী মোতাহার হোসেনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রামাণ্যচিত্রের পরিকল্পক শেখর দত্ত ও পরিচালক রুশো তাহের। স্মারকগ্রন্থটিও তাঁরা সম্পাদনা করেন।
বিজ্ঞপ্তি