সদ্য সংগৃহীত রক্ত হার্ট সার্জারির জন্য ভালো

যাঁদের হার্ট সার্জারির সময় সদ্য সংগৃহীত রক্ত ব্যবহার করা হয়, অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা তাঁদের ক্ষেত্রে কম দেখা যায়। সম্প্রতি কানাডার গবেষকেরা দাবি করেছেন, হার্টের সার্জারির সময় দুই সপ্তাহ আগের সংগৃহীত রক্তের তুলনায় যদি সদ্য সংগৃহীত রক্ত ব্যবহার করা যায়, তবে ফল ভালো হয়। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
কানাডার নিউ ব্রুনসউইক হার্ট সেন্টারের গবেষকেরা (এনবিএইচসি) গত নয় বছরে তাদের হৃদরোগীদের রেকর্ড ঘেঁটে এ তথ্য পেয়েছেন।
এনবিএইচএসের কার্ডিয়াক সার্জারি বিভাগের গবেষক আনসার হাসান জানিয়েছেন, হার্টের সার্জারির সময় সংগৃহীত রক্ত কত দিনের, সে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়ার বিষয়টি নির্দেশ করে এই গবেষণার ফলাফল।
গবেষকেরা জানিয়েছেন, দুই হাজার ১৫ জন হৃদরোগীর মধ্যে সার্জারির সময় এক হাজার ৫২ জনের বেলায় ১৪ দিনের কম সময়ে সংগৃহীত রক্ত ব্যবহার করা হয় এবং অন্যদের ক্ষেত্রে দুই সপ্তাহের বেশি পুরোনো রক্ত ব্যবহার করা হয়। যাঁদের ক্ষেত্রে সদ্য সংগৃহীত রক্ত ব্যবহার করা হয়, তাঁরা হাসপাতালে রক্ত ঝরার জন্য পুনঃ অপারেশন, ২৪ ঘণ্টার বেশি ভেন্টিলেশন, ইনফেকশন, কিডনি সমস্যার মতো জটিলতায় কম ভুগেছেন।
কানাডিয়ান কার্ডিওভাসকুলার কংগ্রেসে গবেষণা-সংক্রান্ত তথ্য জানান গবেষকেরা। তাঁরা দাবি করেন, যাঁরা সদ্য সংগৃহীত রক্ত পেয়েছেন, তাঁরা পুরোনো রক্ত গ্রহীতার চেয়ে সেরে ওঠার ক্ষেত্রে দ্রুত এগিয়ে যান।
গবেষক হাসান বলেন, রক্তের বয়স ও আমাদের দেখা ফলাফলের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কী কী বিষয় কাজ করছে, আমাদের সে বিষয়টি নিয়ে আরও গবেষণা করা উচিত। আমাদের যতটা সম্ভব সফলভাবে ফলাফল বের করা দরকার।
এ গবেষণার ফলাফল হার্ট সার্জারির সময় রক্তদাতাদের নতুন রক্ত দিতে উৎসাহী করবে বলেও আশা করেন গবেষকেরা।