সনি আনছে নতুন প্রযুক্তির টিভি
জাপানের ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান সনি সম্প্রতি নতুন এক প্রযুক্তির টেলিভিশন তৈরির ব্যাপারে কাজ করছে। এতে বর্তমানে বাজারে থাকা টেলিভিশনের ধারণাটা পুরোপুরি পাল্টে যাবে। সনির প্রধান নির্বাহী স্যার হাওয়ার্ড স্ট্রিংগার নতুন এ টিভিপ্রযুক্তির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সনি খুব শিগগির নিয়ে আসছে নতুন ধরনের টেলিভিশন। এরই মধ্যে তাঁরা নতুন এ টেলিভিশনের নকশা ও গবেষণার কাজও শেষ করে ফেলেছেন। স্যার হাওয়ার্ড স্ট্রিংগার বলেন, ‘টেলিভিশন-প্রযুক্তি পাল্টে দিতে আমি দীর্ঘদিন এর পেছনে ব্যয় করেছি। অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী স্টিভ জবসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গত পাঁচ বছর অনেক পরিশ্রম করেছি এবং আজ আমি কাজ গুছিয়ে আনতে সক্ষম হয়েছি।’ স্টিভ জবসের প্রসঙ্গ টেনে হাওয়ার্ড বলেন, ‘স্টিভ অ্যাপল টিভির ক্ষেত্রে নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন। বর্তমানে ফ্ল্যাট টিভিগুলো আশানুরূপ ব্যবসায়িক সাফল্য পাচ্ছে না। তাই সনি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তারা আর বর্তমান প্রযুক্তির টিভি তৈরির দিকে যাবে না।’ তিনি আরও নিশ্চিত করেছেন যে সনি কর্তৃপক্ষ এ নতুন প্রযুক্তিতে ট্যাবলেট, মোবাইল, কম্পিউটার ও টেলিভিশন একই প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা করছে। আর নতুন প্রযুক্তির এ টিভি খুব শিগগির বাজারে আসছে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। —টেলিগ্রাফ অবলম্বনে প্রদীপ সাহা