সনি আনল ৮৪ ইঞ্চি আলট্রা এইচডি টিভি
৮৪ ইঞ্চি মাপের আলট্রা হাই ডেফিনেশন টেলিভিশন বাজারে আনছে জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। সনির দাবি, ফোরকে প্রযুক্তির এ টেলিভিশনটিতে সাধারণ এইচডি টিভির তুলনায় চারগুণ উন্নত রেজুলেশনে ছবি দেখা যাবে। ২৯ নভেম্বর নতুন এ টেলিভিশনের ঘোষণা দিয়েছে সনি। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।সনি কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ হাজার ডলার দামের ৮৪ ইঞ্চি আলট্রা ডেফিনেশন টিভিতে সনির নিজস্ব ভিডিও প্লেয়ার ও সনি পিকচার্স নির্মিত চলচ্চিত্রগুলো প্রিলোড করা থাকবে।সনি পিকচার্স টেকনোলজিসের প্রেসিডেন্ট ক্রিস কুকসন এ প্রসঙ্গে জানিয়েছেন, টেলিভিশন কেনার সময় অধিকাংশ ক্রেতাই এর আকার নিয়ে চিন্তা করেন। তাঁদের মনে প্রশ্ন জাগে ৮৪ ইঞ্চি টিভি রাখার জন্য কি বড় মাপের ঘর দরকার? এর উত্তর হচ্ছে-২৫ ইঞ্চি মাপের টেলিভিশন সাধারণ ছবির দেখার জন্য উপযুক্ত, ৫০ ইঞ্চি মাপের টেলিভিশন হাই-ডেফিনেশন হলে ভালো আর ৮৪ ইঞ্চি আলট্রা হাই ডেফিনেশন টিভি ছবি দেখার উপযুক্ত।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ফোরকে বা আলট্রা হাই ডেফিনেশনের টিভিকে পরবর্তী প্রজন্মের টেলিভিশন বলা হয়। তবে এ টেলিভিশনের উপযোগী কনটেন্টের স্বল্পতা রয়েছে।উল্লেখ্য, সনি ছাড়াও ৮৪ ইঞ্চি মাপের আলট্রা হাই ডেফিনেশন টিভি তৈরি করছে এলজি।