সনি এরিকসন ব্র্যান্ড থাকছে না!
স্মার্ট ফোনের বাজারে সনি এরিকসন ব্র্যান্ড আর থাকছে না। সম্প্রতি জাপানি ইলেকট্রনিক জায়ান্ট সনি ইনকরপোরেশন সিদ্ধান্ত নিয়েছে তারা ‘সনি’ নামেই ভবিষ্যতে স্মার্ট ফোন বাজারজাত করবে।১০ বছর আগে সনি সুইডিশ প্রতিষ্ঠান এরিকসন এক সঙ্গে ‘সনি এরিকসন’ ব্র্যান্ড প্রতিষ্ঠিত করে। পরে সনি এরিকসনের ‘ওয়াকম্যান’ মোবাইল ফোনগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে নেয়। সনি এরিকসনের ‘সাইবার-শট’ মোবাইল ব্র্যান্ডও জনপ্রিয়তা লাভ করে। ২০০৭ সালে অ্যাপলের আই ফোন বাজারে আসার পর সনি এরিকসন মোবাইল ফোনের বাজারে নকিয়া, স্যামসাং ও অ্যাপলের চেয়ে অনেকটাই পিছিয়ে পড়ে।প্লে-স্টেশন, ব্রাভিয়া টিভির নির্মাতা সনি বিশ্বব্যাপী স্মার্ট ফোনের ক্রমবিকাশ মান বাজারে সুতীব্র ব্যবসায়িক উচ্চাভিলাষ নিয়ে প্রবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে। সে উদ্দেশ্যেই তারা নিজস্ব ব্র্যান্ড নামকে সম্বল করেই বাজারে আসতে চায়।ভারতের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে সনি এরিকসনের ভাইস প্রেসিডেন্ট এবং বিক্রয় ও বিপণন প্রধান ক্রিস্টিয়ান টিয়ার বলেন, ভবিষ্যতে সনি অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্ট ফোন বাজারে নিয়ে আসবে।এর আগে সনি এরিকসন সিমবিয়ান অপারেটিং সিস্টেমের স্মার্ট ফোন বাজারে আনে। তা ব্যবসায়িক দিক দিয়ে তেমন লাভজনক হয়নি। স্মার্ট ফোনের বাজারে এ মুহূর্তে সনি এরিকসনের শেয়ার মাত্র ২ শতাংশ। কিছুদিন আগে সনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্মার্ট ফোন তৈরির পরিকল্পনা গ্রহণ করে। অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্ট ফোন তৈরি করে স্যামসাং এ মুহূর্তে বাজারের ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।