সনি এরিকসনের মনোযোগ এখন স্মার্টফোনে
বিশ্বের অন্যতম প্রধান মোবাইল টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান সনি এরিকসন তাদের ব্যবসা স্মার্টফোনের বাজারে কেন্দ্রীভূত করার পরিকল্পনা করেছে।বিশ্বের অ্যান্ড্রয়েড-ভিত্তিক স্মার্টফোন বাজারে সনি এরিকসন এ মুহূর্তে নবম স্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি এই প্রান্তিকে স্মার্টফোন বিক্রির মাধ্যমে পূর্বাভাসের চেয়েও বেশি প্রবৃদ্ধি অর্জন করায় প্রতিষ্ঠানটির উচ্চপর্যায় থেকে এ ধরনের চিন্তা-ভাবনা শুরু হয়েছে। ২০১২ সাল থেকেই সনি এরিকসন অন্যান্য অপ্রয়োজনীয় ও অলাভজনক প্রোডাক্ট লাইন বন্ধ করে দিয়ে পুরো মনোযোগ স্মার্টফোনে নিবিষ্ট করবে বলে জানা গেছে।এদিকে, বাজারে জোর গুজব বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সনি ইলেকট্রনিকস নাকি এরিকসনের ৫০ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পরিকল্পনায় রয়েছে। তবে সনি-এরিকসনের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।বাজার বিশ্লেষকেরা মনে করেন, সনি এরিকসন স্মার্টফোনের বাজারে একটি নতুন প্রভাব তৈরি করতে পারে, যদি তারা সনির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে। সনির সংগীত পণ্য কিংবা প্লে-স্টেশনের মতো পণ্য পৃথিবীতে অদ্বিতীয় অবস্থান ধরে রেখেছে।এ মুহূর্তে সনি এরকিসনের ব্যবসার একটি বড় অংশ আসছে স্মার্টফোন বিক্রির মাধ্যমে। এর অঙ্কটা ইতিমধ্যেই ৮০ শতাংশ ছুঁয়েছে বলে জানা গেছে। বিশ্বের স্মার্টফোন বাজারের ১২ শতাংশও এখনো সনি এরিকসনের দখলে। রয়টার্স।