সনির উইন্ডোজ যাত্রা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচয় তৈরি করেছে সনি। এবারে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দিকেও ঝুঁকছে জাপানের এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছরের মাঝামাঝিতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে আনবে সনি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
বাজার-গবেষকেরা ধারণা করছেন, সনি ও মাইক্রোসফট শিগগিরই চুক্তি সই করবে। এই চুক্তি কার্যকর হলে প্রথমবারের মতো উইন্ডোজ ফোন তৈরি করবে সনি। সনি ছাড়াও মাইক্রোসফট অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকেও উইন্ডোজনির্ভর স্মার্টফোন তৈরিতে প্রলুব্ধ করছে মাইক্রোসফট। উইন্ডোজ সফটওয়্যারের লাইসেন্স ফি কমানোসহ নানা সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে উইন্ডোজ ফোনের বাজারকে সমৃদ্ধ করতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।