সনির নতুন স্মার্টফোনের তথ্য ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর যুক্ত ‘আই ১ হোনামি’ স্মার্টফোন বাজারে আনতে পারে সনি।
২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর যুক্ত ‘আই ১ হোনামি’ স্মার্টফোন বাজারে আনতে পারে সনি।

২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর যুক্ত ‘আই ১ হোনামি’ নামের একটি স্মার্টফোন বাজারে আনতে পারে ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনি। সম্প্রতি প্রতিষ্ঠানটির নতুন এ স্মার্টফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট।
যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে বেশি মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোনের যুদ্ধ শুরু হচ্ছে। সম্প্রতি ৪১ মেগাপিক্সেলের ক্যামেরাযুক্ত একটি উইন্ডোজ ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে নকিয়া এবং ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধার গ্যালাক্সি এস ৪ জুম নামের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এনেছে স্যামসাং। এ দুটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে জনপ্রিয় এক্সপেরিয়া সিরিজে ‘আই১ হোনামি’ স্মার্টফোনটি যুক্ত করতে পারে সনি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইপ্রাইস ডটকমে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর আই১ হোনামি স্মার্টফোনটিতে থাকবে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে, সনির জিলেন্স ও বায়োঞ্জ ইমেজ প্রসেসর। অভ্যন্তরীণ ১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার স্মার্টফোনটি মাইক্রোএসডি কার্ড সমর্থন করবে।

এতে থাকবে দুই দশমিক দুই গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, দুই গিগাবাইট র‌্যাম ও উন্নত ব্যাটারি। আট দশমিক তিন মিলিমিটার পুরুত্বের স্মার্টফোনটির সামনের দিকেও  থাকবে দুই মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি, সনির এক্সপেরিয়া জেড স্মার্টফোনটির মতোই নতুন এ স্মার্টফোনটি হবে পানি ও ধুলা প্রতিরোধী।

নতুন স্মার্টফোন প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে সনি কর্তৃপক্ষ কোনো মন্তব্য না করলেও বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, চলতি বছরের ৪ সেপ্টেম্বর আইএফএ ২০১৩ অনুষ্ঠানের প্রথম দিনেই নতুন এ স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে সনি। নতুন স্মার্টফোনটির দাম প্রসঙ্গে কোনো তথ্য জানা যায়নি।