সনির স্মার্টব্যান্ড টু

স্মার্টফোন আর স্মার্টওয়াচ ব্যবহারের প্রচলন অনেক আগেই শুরু হয়েছে। এখন হাতে ব্যান্ড পরার ফ্যাশনও চালু হয়েছে। এসব ব্যান্ড এখন বেশ স্মার্ট। ব্যান্ড এখন স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহেও কাজে লাগছে। জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা সনি সম্প্রতি তাদের দ্বিতীয় প্রজন্মের স্মার্টব্যান্ড বাজারে ছেড়েছে। নাম দিয়েছে স্মার্টব্যান্ড টু। এতে যুক্ত হচ্ছে হার্ট রেট সেন্সর, যা হৃৎস্পন্দন মাপতে পারে।
সনি কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টব্যান্ড টুতে রয়েছে বেশ কিছু সেন্সর, যা শরীর ঠিক আছে কি না, এ ব্যাপারে তথ্য জানানোর পাশাপাশি মানসিক চাপের বিষয়টিও মেপে দেখতে পারে। এতে ঘুম কেমন হয়, এ বিষয়টিও পরীক্ষা করে দেখা যাবে। এটি অ্যালার্ম দিতে পারে।
স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় ফোনকল, মেইল, বার্তা বা ফেসবুক নোটিফিকেশনের মতো বিষয়গুলো এই ব্যান্ডের মাধ্যমেই টের পাওয়া যাবে। অবশ্য এই ব্যান্ডে কোনো ডিসপ্লে নেই। এটি বাতি জ্বেলে ও ভাইব্রেশন (কম্পন) দিয়ে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে। এই ব্যান্ডের মধ্যে সংগৃহীত তথ্য স্মার্টফোনে সনির লাইফলগ অ্যাপ্লিকেশন দিয়ে দেখা যাবে। কত দূর হাঁটা হলো, কী ছবি তোলা হলো, কোন জায়গায় যাওয়া হলো, কার সঙ্গে যোগাযোগ করা হলো, সে তথ্যও জানা যাবে স্মার্টব্যান্ডের কল্যাণে।
এই ব্যান্ড হাতে থাকলে স্মার্টফোন হারানোর আশঙ্কাও কমবে। ফোন ছেড়ে ১০ মিটারের বাইরে গেলেই ব্যবহারকারীকে সতর্ক করে দেবে এটি।
এই ব্যান্ড পানিরোধী। বৃষ্টির মধ্যেও হাতে রাখা যাবে। টুপিবিহীন মাইক্রো ইউএসবি পোর্ট থাকলেও তিন মিটার পানির নিচে এটি ডুবালে কোনো ক্ষতি হয়নি। একবার চার্জ দিলে এটি দুদিন পর্যন্ত চলবে বলে সনির দাবি।
ব্লুটুথ সংযোগ সুবিধার সনির স্মার্টব্যান্ড টু সাদা ও কালো দুটি রঙে বাজারে পাওয়া যাবে। বিশ্বের ৬০ টিরও বেশি দেশে এই ব্যান্ড উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সনি। এর দাম ধরেছে ১১৯ ইউরো বা ১০ হাজার ৪০০ টাকার কাছাকাছি। অ্যান্ড্রয়েড কিটক্যাট ও আইওএস ৮ দশমিক দুই অপারেটিং সিস্টেমের ডিভাইসের সঙ্গে এটি ব্লুটুথ দিয়ে যুক্ত করা যাবে। (সিনেট, এনডিটিভি)