সন্তানের নৈতিকতার বিকাশে বাধা সামাজিক যোগাযোগমাধ্যম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাজ্যের অধিকাংশ অভিভাবক মনে করেন, তাঁদের সন্তানদের নৈতিক মূল্যবোধের বিকাশে বাধা সৃষ্টি করছে সামাজিক যোগাযোগের মাধ্যম। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের জুবিলি সেন্টার ফর ক্যারেক্টার অ্যান্ড ভার্চ্যুসের এক প্রকল্পের অংশ হিসেবে ১১ থেকে ১৭ বছর বয়সী সন্তান আছে এমন ১ হাজার ৭০০ অভিভাবকের ওপর জরিপ চালানো হয়। ৫৫ শতাংশ অভিভাবকই সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন।
গবেষক ব্লেয়ার মরগ্যান বলেন, ‘কিছু কিছু তথ্য বেশ চমকপ্রদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা, সাহসিকতা এবং দয়ার মতো নৈতিক গুণাবলির প্রসার হয় উল্লেখ করলেও সন্তানের চারিত্রিক উন্নয়নে এর ইতিবাচক প্রভাব মানতে অনীহা প্রকাশ করেন জরিপে অংশ নেওয়া অভিভাবকেরা।’
চলতি বছরের শুরুতে বিবিসি নিউজ রাউন্ডের এক গবেষণায় দেখা যায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সর্বনিম্ন বয়স ১৩ বছর হলেও ১০ বছর বয়সেই অ্যাকাউন্ট খুলছে অনেকে। নতুন এই জরিপের ফলাফল মা-বাবার দুশ্চিন্তার কারণ বটে। জরিপে অংশগ্রহণকারী অভিভাবকদের ৯৩ শতাংশ নিয়মিত সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করেন। তবে এঁদের মাত্র ১৫ শতাংশের ধারণা, ফেসবুকের মতো ওয়েবসাইটগুলো তরুণদের চরিত্র গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। ৪০ শতাংশ বলেছেন, তাঁদের সন্তানের ওপর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর নেতিবাচক প্রভাব নিয়ে তাঁরা খুবই চিন্তিত।
তবে ৭২ শতাংশ অভিভাবক বলেছেন, তাঁরা দিনে অন্তত একবার হলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে ইতিবাচক কিছু দেখেন। মাসে অন্তত একবার দেখেছেন এমন কোনো ইতিবাচক বিষয়ের উল্লেখ করতে বলা হলে তাঁদের উত্তরগুলো ছিল এমন—

  • কৌতুকবোধ (৫২%)
  • সৌন্দর্যের কদর (৫১%)
  • সৃজনশীলতা (৪৪%)
  • ভালোবাসা (৩৯%)
  • সাহসিকতা (৩৯%)

এই জরিপের উদ্দেশ্য সম্পর্কে ব্লেয়ার মরগ্যান বলেন, ‘সোশ্যাল মিডিয়া নিশ্চয় বন্ধ হয়ে যাচ্ছে না। তাই আমরা এই সম্পর্কগুলো নিয়ে আরও বেশি গবেষণার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার অপকারিতা কমিয়ে এনে সুফল বাড়াতে পারব বলে মনে করি।’
মেহেদী হাসান, সূত্র: বিবিসি

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে কোন কোন চারিত্রিক গুণাবলির অভাব আছে?

  • ক্ষমা ও আত্মনিয়ন্ত্রণ—২৪ শতাংশ
  • ন্যায়পরায়ণতার ঘাটতি—২১ শতাংশ
  • সততার অভাব—২০ শতাংশ
  • নম্রতার অভাব—১৮ শতাংশ

জরিপে অভিভাবকদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নিয়েও প্রশ্ন ছিল। তাঁদের বলা হয়, গত এক মাসে অন্তত একবার হলেও খারাপ কিছু তাঁরা দেখে থাকলে তা কী?

  • ৬০ শতাংশ—রাগ কিংবা শত্রুতাপূর্ণ মনোভাব
  • ৫১ শতাংশ—ঔদ্ধত্য
  • ৪৩ শতাংশ—অজ্ঞতা
  • ৪১ শতাংশ—নেতিবাচক মূল্যায়ন
  • ৩৬ শতাংশ—ঘৃণা
  • ৩০ শতাংশ—দম্ভ