সন্ত্রাসবাদে সম্পৃক্ততা, সোয়া লাখ টুইটার অ্যাকাউন্ট স্থগিত
‘হুমকি দেওয়া ও সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দেওয়ার’ অভিযোগে সোয়া লাখেরও বেশি অ্যাকাউন্ট স্থগিত করেছে খুদে ব্লগ (মাইক্রোব্লগ) লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার। টুইটার কর্তৃপক্ষ বলছে, ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে এই অ্যাকাউন্টগুলো স্থগিত করা শুরু হয়।
বিবিসির খবরে বলা হয়, এই অ্যাকাউন্টগুলো স্থগিত করার বিষয়ে টুইটার জানিয়েছে, ‘হুমকি দেওয়া ও সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দেওয়ার’ কারণে এই অ্যাকাউন্টগুলো স্থগিত করা হয়েছে। ‘প্রাথমিকভাবে আইএসের সঙ্গে সম্পৃক্ততার’ অভিযোগও রয়েছে কিছু অ্যাকাউন্টের বিরুদ্ধে। আইএস হলো ইরাক ও সিরিয়া সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সংক্ষিপ্ত রূপ।
ব্লগ বার্তায় টুইটার কর্তৃপক্ষ বলছে, ‘সন্ত্রাসবাদকে উৎসাহ দিতে টুইটার ব্যবহারের নিন্দা জানাই আমরা।’ টুইটারের পর্যালোচনাকারী দলকে সন্ত্রাসবাদের অভিযোগের বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য বলা হয়েছে।
বিশ্বজুড়ে ৫০ কোটি টুইটার অ্যাকাউন্ট রয়েছে।