সন্ধানী এসএসএমসি শাখায় এক দিন

সন্ধানীর কর্মকাণ্ড সম্পর্কে জানতে আমরা ঘুরে আসি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সন্ধানী ইউনিট থেকে। দুপুর গড়িয়ে বিকেল। শিক্ষার্থীদের কলরবে মুখর এই ইউনিটটি। দ্বিতীয় বর্ষের ফারজানাকে দেখা গেল রক্ত সংগ্রহে ব্যস্ত। আবার চতুর্থ বর্ষের অচিনকে দেখা গেল ইনজেকশনের সিরিঞ্জ হাতে টিকা দিতে তৈরি হওয়ার জন্য। অচিন বললেন, ‘ক্লাস, আইটেম, ওয়ার্ড—এগুলোর মাঝখানে সুযোগ পেলেই আমরা সন্ধানীতে চলে আসি। এখানে রক্ত সংগ্রহ করি ও রোগীকে রক্ত দিই। এ ছাড়া হেপাটাইটিস বি, জরায়ুমুখ ক্যানসার, টাইফয়েড—এসব রোগের টিকা দেওয়ারও ব্যবস্থা করি।’দ্বিতীয় বর্ষের পিয়াল বলেন, ‘আমাদের কাজ মূলত রক্ত সংগ্রহ ও সংগৃহীত রক্ত সরবরাহ করা।’ কেউ কেউ আবার দায়িত্বে থাকে হাসপাতাল থেকে ওষুধ সংগ্রহ করার। তারপর বিভিন্ন হেলথ ক্যাম্প স্থাপন করে গরিব রোগীদের মধ্যে এসব ওষুধ বিতরণ করা হয়, জানালেন চতুর্থ বর্ষের জেরিন তাসনিম। দ্বিতীয় বর্ষের লাম-ইয়া নূরকে দেখা গেল খাতা হাতে রক্ত সংগ্রহের ডেটা লিপিবদ্ধ করতে।এভাবে কখনো ডেন্টালের দ্বিতীয় বর্ষের সাখাওয়াত, রোকন, কখনো প্রথম বর্ষে সম্প্রতি ভর্তি হওয়া পবন, কল্লোল, কবিরদের মিলিত প্রয়াসে এগিয়ে চলে সন্ধানী। সন্ধানী বিশেষভাবে নজর রাখে দুর্লভ রক্ত সংগ্রহের দিকে। বিশেষ করে এবি নেগেটিভ রক্তের প্রায়ই ঘাটতি দেখা যায়। সে ক্ষেত্রে সন্ধানী আশপাশের বিরল রক্ত গ্রুপের মানুষের নাম লিপিবদ্ধ করে থাকে, যেন প্রয়োজনের সময় তারা রক্ত দিতে পারে। এ ছাড়া সংগৃহীত রক্তের হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং রক্তের গ্রুপ মেলানোর কাজটাও করে সন্ধানীর কর্মীরা, জানালেন চতুর্থ বর্ষের শিবলী।তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জানান, এ ছাড়া থ্যালাসেমিয়া নামক জিনগত অথচ মারাত্মক রোগে আক্রান্ত রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা হয়। তাঁরা প্রতি থ্যালাসেমিয়া রোগীকে সন্ধানী রক্তের গ্রুপের মিল থাকা চারজন করে রক্তদাতার সঙ্গে পরিচয় করিয়ে দেন, তাঁদের নাম, ফোন নম্বর লিপিবদ্ধ করে রাখেন। বছর ঘুরে এই চারজন রক্তদাতা আক্রান্ত মানুষটিকে রক্ত দিয়ে থাকেন।
এ ছাড়া চোখ দানের ক্ষেত্রে সন্ধানী মানুষকে উদ্বুদ্ধ করতে প্রায়ই বিভিন্ন সভার আয়োজন করে। যাঁরা চক্ষুদানে ইচ্ছুক, তাঁদের সন্ধানীর দেওয়া একটি কার্ড পূরণ করতে হয়, যাতে তাঁদের পরিবারের অন্যদের সম্মতিরও প্রয়োজন হয়। ওই ব্যক্তির মৃত্যুর পর কর্নিয়া নিয়ে তা জমা রাখা হয় সন্ধানী চক্ষুব্যাংকে এবং প্রয়োজন অনুযায়ী কর্নিয়া অসচ্ছল মানুষকে দান করা হয়।