সফটওয়্যারের মেধাস্বত্ব রক্ষায় সচেষ্ট বিসিএস

তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) দেশের যেকোনো সফটওয়্যার পণ্যের মেধাসম্পদের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবে। গত শনিবার সংগঠনটির উপব্যবস্থাপক মো. তোজাম্মেল হোসেন শিকদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিজয় বাংলা কি-বোর্ড লে-আউটের স্বত্বাধিকারী মোস্তাফা জব্বারের করা কপিরাইট লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে রিদ্মিক ও ইউনিবিজয় অ্যাপ সরিয়ে দেয় গুগল কর্তৃপক্ষ। এরপর বিভিন্ন মাধ্যমে মোস্তাফা জব্বারকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য করা হচ্ছে, যা খুব দুঃখজনক বলে উল্লেখ করেছে বিসিএস।
বিসিএস মনে করে, তথ্যপ্রযুক্তি একটি মেধাভিত্তিক শিল্প এবং এই শিল্পে মেধার স্বীকৃতি ও সম্মান জরুরি। প্রসঙ্গত, মোস্তাফা জব্বার চার মেয়াদে বিসিএসের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।