সফটওয়্যার ও প্রযুক্তিসেবার তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) একটি প্রকাশনার মাধ্যমে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার তালিকা প্রকাশ করেছে। গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের ব্যবসায় প্রতিষ্ঠানের তালিকাসংবলিত এই প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ তথ্যপ্রযুক্তি সেবার দিক থেকে এগিয়ে যাচ্ছে। এই প্রকাশনার মাধ্যমে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সেবা কত দূর এগিয়েছে, তা প্রকাশ করা হয়েছে। যা দেখে বিশ্বের বিভিন্ন দেশ জানতে পারবে, সফটওয়্যার ও প্রযুক্তির বিভিন্ন সেবার ক্ষেত্রে আমরা কত দূর এগিয়েছি।’ মন্ত্রী আরও বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয় সব সময় সহযোগিতা দেবে।অনুষ্ঠানে বেসিসের সভাপতি মাহবুব জামান বলেন, ‘আমরা কী তৈরি করি, কী সেবা দিই, তা এই বইতে জানা যাবে। এ তালিকা মূলত তথ্যপ্রযুক্তিশিল্পের একটি প্রতিচ্ছবি।’ তিনি আরও বলেন, ‘২০০৬ সালে আমরা আমাদের বিভিন্ন পণ্যের তালিকা প্রকাশ করেছিলাম। এরই ধারাবাহিকতায় এবার বিভিন্ন সেবার তালিকা প্রকাশ করা হলো।’ সফটওয়্যার ও প্রযুক্তিসেবার তালিকার নানা দিক তুলে ধরে বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘দেশের তথ্যপ্রযুক্তির কাজে নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য থেকে জরিপ করে এ তালিকাটি প্রকাশ করা হয়েছে। এ তালিকা থেকে দেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিগত সেবা সম্পর্কে তথ্য পাবে এবং নিজেদের চাহিদামতো সেবা গ্রহণ করতে পারবে। শিগগিরই আমাদের দেশের আউটসোর্সিংয়ের বিভিন্ন সেবার একটি তালিকা প্রকাশ করা হচ্ছে।’অনুষ্ঠানে জানানো হয়, এই তালিকাটি অল্প কিছুদিনের মধ্যে বেসিসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সঙ্গে সঙ্গে হালনাগাদও করা হবে। অনুষ্ঠানে বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম ও যুগ্ম মহাসচিব তামজিদ সিদ্দিক বক্তব্য দেন। —মোছাব্বের হোসেন