সফটওয়্যার টেকনোলজি পার্কের স্বীকৃতি পেল অগমেডিক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে গুগল গ্লাসের প্রযুক্তিভিত্তিক নতুন ব্যবসায় উদ্যোগ (স্টার্টআপ) অগমেডিক্স বাংলাদেশ ভবন। রাজধানীর পান্থপথে অগমেডিক্স ভবনে বাংলাদেশে প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আগ্রহী করার সরকারের যে উদ্যোগ রয়েছে, তাতে অগমেডিক্স বাংলাদেশ একটি আদর্শ উদাহরণ হতে পারে।
আইসিটিসচিব শ্যাম সুন্দর সিকদার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহ্উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য দেন। শ্যাম সুন্দর সিকদার বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা আইসিটি খাতকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আহমাদুল হক।
গুগল গ্লাস-ভিত্তিক এই স্টার্টআপের সেবা কোনো রোগীর ইতিহাস লিপিবদ্ধ করা থেকে চিকিৎসকদের মুক্তি দেয়। পরীক্ষাগারে প্রবেশের আগে চিকিৎসক গুগল গ্লাস পরে নিলে চোখের সামনেই সব তথ্য পাবেন তিনি। ফরম, হেলথ হিস্ট্রি, ল্যাব অর্ডার, প্রেসক্রিপশনসহ অন্যান্য বিষয় সম্পন্ন হয়ে যাবে রিমোট স্ক্রাইব, ভারবাল নোট ও কমান্ডের মাধ্যমে।
সানফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠান অগমেডিক্স ভারত ও বাংলাদেশে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।